খানসামা (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১৬:৩৯ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:১৫ পিএম
মাগুরমারী উচ্চ বিদ্যালয়। প্রবা ফটো
‘নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি, প্রধান শিক্ষক বললেন শিক্ষকরা চা খেতে গেছেন’ এই শিরোনামে প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের পর দিনাজপুরের খানসামার মাগুরমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায়কে কারণ দর্শানোর নোটিস দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
বুধবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিষয়টি নজরে আসার পর সেই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। এ বিষয়ে ওই প্রধান শিক্ষককে আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাগুরমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসারের দেওয়া নোটিস আমি পেয়েছি। তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে প্রস্তুত।