বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১৫:১৮ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১৫:৪৫ পিএম
পিরোজপুরের সাবেক চেয়ারম্যানকে হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রবা ফটো
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা ইউপির সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৩১ জানুয়ারি) ভোরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ১২টার দিকে র্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন- কুড়িয়ানা ইউপির বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার, তার ছোট ভাই সুষময় হালদার, একই ইউনিয়নের বাসিন্দা জালিস মাহমুদ ও আমিনুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে কর্নেল কাজী যুবায়ের আলম বলেন, গত ৩০ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার রওনা দেন। কুড়িয়ানা বাজারের কাছে পৌঁছালে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে ২৫-৩০ জন শেখর কুমার সিকদারের পথরোধ করে। পরে তারা লাঠি ও ইট দিয়ে পিটিয়ে মৃত ভেবে শেখরকে ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শেখর কুমার সিকদারের স্ত্রী মালা মণ্ডল বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে। পরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ছায়াতদন্ত শুরু করা হয়। আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বাগেরহাটের মোল্লারহাট এলাকায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজন হত্যা মামলায় নামধারী ও অপরজন অজ্ঞাতনামা আসামি। তাদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।