লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৮:২৬ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৮:৩৭ পিএম
অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্রমিক লীগ নেতা মো. জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রবা ফটো
লক্ষ্মীপুরের রামগতিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকাটিয়া কালিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জোবায়ের হোসেন রামগতি উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ও উপজেলার চর আলগী ইউনিয়নের চর সেকান্দর গ্রামের বাসিন্দা।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ বলেন, মামলার পরপরই আসামি জোবায়েরকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তদন্ত শুরু করা হয়। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, অন্তঃসত্ত্বা গৃহবধূ শাশুড়ির অসুস্থতার কথা শুনে ২০ জানুয়ারি দুপুরে বাবার বাড়ি থেকে হেটে তিনি শশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চর সেকান্দর গ্রামের মৌলভী বাজারের সামনে সুফিরহাট-বাংলাবাজার পাকা রাস্তায় পেছন থেকে তার মুখ চেপে ধরে শ্রমিক লীগ নেতা জোবায়ের হোসেন তার ব্যক্তিগত কার্যালয়ের পেছনের কক্ষে জোরপূর্বক ধর্ষণ করে গৃহবধূকে। ঘটনাটি কাউকে জানালে হত্যা করা হবে বলে হুমকি দেয়। ঘটনার সময় আরেক আসামি শাহাদাত বাইরে পাহাররত ছিল। রবিবার (২৮ জানুয়ারি) রাতে ওই গৃহবধুর মা বাদী হয়ে শ্রমিক লীগ নেতা জোবায়ের ও শাহাদাত হোসেনের নাম উল্লেখ করে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগতি থানার উপ-পরির্দশক (এসআই) শাহনুর আলম বলেন, গৃহবধূকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জবানবন্দিও দিয়েছেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, আসামিকে র্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। আসামি আমাদের হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।