চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৬:৩৪ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৭:০২ পিএম
নিহত আনোয়ার পারভেজ।
চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু টানেলে সড়কে ট্রাকের ধাক্কায় আনোয়ার পারভেজ নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ সময় মোহাম্মদ বশর ও মোহাম্মদ আজিম নামে আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে টানেল সড়কের আনোয়ারা প্রান্থের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার পারভেজ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে। আনোয়ারার কোরিয়ান ইপিজেডের কর্ণফুলী স্যুজ ইন্ডাস্ট্রিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ইপিজেডে কর্মরত তিন নিরাপত্তাকর্মী সকালে সাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্থের মোহাম্মদপুর এলাকায় একটি ট্রাক তাদের পেছন দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার পারভেজ। আর মোহাম্মদ বশর ও মোহাম্মদ আজিমকে স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে বশরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহতের ভাই আনোয়ার ছাদেক জানান, নিহত পারভেজ পরিবারের চার ভাই দুই বোনের মধ্যে দ্বিতীয়। পারভেজের স্ত্রী ছাড়াও দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বেশ কয়েকবছর থেকে কেইপিজেডে চাকরি করত পারভেজ।