বগুড়া অফিস
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১১:২৪ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১১:৩৭ এএম
বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল। প্রবা ফটো
গ্যাস সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও প্রহসনের নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে দ্বিতীয় বাইপাস সড়কের ঘুনিয়াতলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, ‘লাগামহীনভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে গ্যাসের তীব্র সংকট মানুষের জীবন আরও অসহনীয় করে তুলেছে। দেশের মানুষ আজ বিরক্ত। তারা এ সরকারকে আর এক দিনও ক্ষমতায় দেখতে চায় না।অবিলম্বে নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে আবার নির্বাচন দিতে হবে।’