সিলেট অফিস
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ২২:৫২ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ২৩:১২ পিএম
কবি নজরুল অডিটোরিয়ামের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ‘সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’। প্রবা ফটো
কবি
নজরুল অডিটোরিয়াম সংস্কারের দাবিতে ‘সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’ অবস্থান কর্মসূচি
পালন করেছে। শনিবার
(২৭ জানুয়ারি) বিকালে কবি নজরুল অডিটোরিয়ামের
সামনে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের পরিচালনায় কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, মুক্তিযুদ্ধ গবেষক অপুর্ব শর্মা, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা দাশ যুঁই প্রমুখ। এ ছাড়া অবস্থান কর্মসূচি চলাকালে শিল্পীরা প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা করেন।
সভায় বক্তারা বলেন, বিগত দুই বছর ধরে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীরা কবি নজরুল অডিটোরিয়াম সংস্কারের দাবি জানিয়ে আসছে। কিন্তু পরিতাপের বিষয় সংস্কৃকর্মীদের যৌক্তিক দাবি মানা হয়নি। অডিটোরিয়াম এর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, আলোক বাতির সরঞ্জাম নষ্ট হয়ে ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়ে আাছে, মঞ্চের পাটাতন ও হলের ছাদের নষ্ট অংশ মেরামত, মুক্তমঞ্চ রংসহ বিভিন্ন সমস্যা সমাধানে কতৃপক্ষের উদাসীনতা দুঃখজনক। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আধুনিক ও স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন, তাই স্মার্ট সাংস্কৃতিক পরিবেশ তৈরী করা সময়ের দাবি।
নেতৃবৃন্দ সংস্কৃতির শক্তিতে অপসংস্কৃতি দূর করতে সরকারের সহযোগিতা কামনা করে কবি নজরুল অডিটোরিয়াম দ্রুত সংস্কারের দাবি জানান।