× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিবরিয়া হত্যার বিচার হয়নি ১৯ বছরেও

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৯:২২ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ১৯:৩৪ পিএম

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। ছবি : সংগৃহীত

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। ছবি : সংগৃহীত

হবিগঞ্জে দলীয় কোনো কর্মসূচি ছাড়াই নীরবে চলে গেল আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী। এদিকে ১৯ বছরেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় হতাশ তার পরিবার। হতাশার কথা জানিয়েছেন কিবরিয়া হত্যা মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। 

২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকালে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ-পরবর্তী এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তৎকালীন হবিগঞ্জ-৩ আসনের এমপি অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। জনসভা ছিল কানায় কানায় পূর্ণ। বক্তব্য শেষে যখন তিনি মঞ্চ থেকে নেমে সহকর্মীদের নিয়ে বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে যান। তখন দিনের আলো নিভে প্রায় সন্ধ্যা। হঠাৎ করেই বিকট শব্দ। চারদিকে হুড়োহুড়ি, গগনবিদারী চিৎকার। গ্রেনেডের আঘাতে অনেকেই ক্ষতবিক্ষত। গুরুতর আহত হন শাহ এএমএস কিবরিয়া। ঢাকা নেওয়ার পর মৃত্যুবরণ করেন তিনি। ঘটনাস্থলে মারা যান তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। আহত হন আরও অর্ধশত নেতাকর্মী। গ্রেনেড হামলায় নিহত আব্দুর রহিমের ছেলে মুখলিছ মিয়া, আবুল হোসেনের ছেলে আব্দুল মতিন ও  সিদ্দিক আলীর ছেলে কুদুছ মিয়াসহ আহতদের পরিবারের সদস্যরা দ্রুত এ মামলার বিচার দাবি করেছেন।

হত্যাকাণ্ডের পরদিন ২৮ জানুয়ারি তৎকালীন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। মামলার তদন্তে কাজ করে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা। মামলাটির স্বাভাবিক তদন্ত না হয়ে দলীয় বিবেচনায় পরিচালিত হচ্ছে বলে পরিবারের অভিযোগ।

শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত দিনেও একটি সুষ্ঠু তদন্ত হয়নি, বিচার হয়নি আমার বাবার হত্যার। এতেই প্রমাণিত হয় এ দেশে কোনো আইনের শাসন নেই।’ মামলাটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। পিপি সারোয়ার আহমেদ আব্দাল বলেন, ‘মামলার আসামিরা বিভিন্ন কারাগারে থাকায় এবং সময়মতো আদালতে সাক্ষীদের উপস্থিতি না হওয়ায় বিচারে বিলম্ব হচ্ছে।’

কিবরিয়া হত্যা মামলায় ১৭১ জনের মধ্যে ৪৭ জন এবং ওই ঘটনায় বিস্ফোরক মামলায় ১৯৮ জনের মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। 

২০০৫ সালের ১৮ মার্চ প্রথম দফায় শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতিসহ ১০ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেন বাদী মজিদ খান। ২০০৭ সালে মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। ওই দফায় ২০১১ সালের ২০ জুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নানসহ ২৪ জনকে আসামি করে অধিকতর তদন্তের অভিযোগপত্র দাখিল করা হয়। এর ওপর ওই বছরের ২৮ জুন শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া নারাজি আবেদন করেন। সর্বশেষ ২০১৪ সালের ১২ নভেম্বর সিআইডি সিলেট রেঞ্জের জ্যেষ্ঠ এএসপি মেহেরুন নেছা পারুল সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। 

আসামিদের মধ্যে কারাগারে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মিজানুর রহমান মিটু, হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ প্রকাশ নিমু, বদরুল আলম মিজান, মাওলানা শেখ ফরিদ আহমদ, আব্দুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট, মাওলানা শেখ আব্দুস সালাম, মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে খাজা ওরফে আবু জান্দাল ওরফে মাসুম বিল্লাহ, মুহিবুল্লাহ ওরফে মুজিবুর রহমান প্রকাশ অভি ও মাওলানা শেখ আব্দুস সালাম। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছসহ ১২ জন জামিনে রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা