ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ২০:১৯ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ২০:৪১ পিএম
প্রতীকী ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুরে পানের বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের পানের বরজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই নারীর নাম সালমা বেগম। তিনি এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের কৃষক তরিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, নিহত সালমা বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেয়েকে পড়তে বলে বাইরে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। শুক্রবার দুপুরে তার মরদেহ গ্রামের একটি পানের বরজে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।