জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ২১:১৯ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ২১:৩৪ পিএম
বাবা-মাকে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। প্রবা ফটো
জামালপুরের মেলান্দহে বাবা-মাকে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মো. আতাউল্ল্যাহ যুবককে কারাগারে পাঠান।
গ্রেপ্তার হাবিব শেখ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী গ্রামের মো. তোফাজ্জল হোসেন ও মোছা. হাজেরা বেগম দম্পতির ছেলে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহাম্মদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পিতা-মাতাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগে অভিযুক্ত ছেলে হাবিব শেখকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মো. আতাউল্ল্যাহ আসামিকে কারাগারে পাঠান।’
ওসি আরও বলেন, ‘এ ধরনের অভিযোগ থানায় আসা মাত্রই থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।’
এজাহার সূত্রে জানা গেছে, হাবিব শেখ সব সময় তার বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে পিতা তোফাজ্জল হোসেন বাদী হয়ে মেলান্দহ থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ হাবিব শেখকে গ্রেপ্তার করে।
বৃদ্ধ বাবা তোফাজ্জল হোসেন বলেন, ‘হাবিব আমার একমাত্র ছেলে। আশা ছিল বড় হয়ে আমাদের দেখভাল করবে। মাঝে সে ভালোই ছিল। কিন্তু মাদকাসক্ত হয়ে পড়ায় টাকা-পয়সা না পেলেই আমাদের নির্যাতন-অত্যাচার শুরু করত। তাই কোনো উপায় না পেয়ে গতকাল রাতে থানা পুলিশকে জানাই। ঘটনা শুনেই ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।’