× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২৭ প্রজাতির ফুল গাছে উৎসব

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ২০:৪৯ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ২১:০৯ পিএম

১২৭ প্রজাতির ফুল গাছে উৎসব

এককালে ছিল মাদকের আখড়া। সংঘটিত হতো নানা রকম অপরাধ। অবৈধ দখলদাররা গড়ে তুলেছিল হোটেলসহ নানা রকম স্থাপনা। চট্টগ্রামের ফৌজদারহাট-বন্দর সড়কের পাশে সাগরপাড়ে সেই জায়গা এখন ছড়াচ্ছে ফুলের সৌরভ। ১৯৪ একর জমির ওপর গড়ে ওঠে ‘ডিসি ফ্লাওয়ার পার্ক’। ১২৭ প্রজাতির লক্ষাধিক ফুল গাছ রোপণ করা রয়েছে সেখানে। প্রতিদিন বেড়াতে আসছে হাজার হাজার মানুষ। সেখানে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে দুবাইয়ের মিরাকেল গর্ডেনের আদলে গড়ে উঠেছে এই পার্ক। ফুল উৎসবে থাকছে সাংস্কৃতিক আয়োজন। থাকছে বড়শি দিয়ে মাছ ধরার ব্যবস্থা, শিশুদের জন্য কিডস জোন, ঘুড়ি ওড়ানো, ভায়োলিন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান উৎসব।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, ‘ফুল উৎসব এজন্যই করতে চাই, আমাদের নতুন প্রজন্ম যেন শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া ও অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে মেধা ও মননের বিকাশ ঘটাতে পারে।’ 

পরিকল্পনা অনুযায়ী, এই জায়গার পুরোটা জুড়েই থাকবে ফুলের বাগান ও ফুলকেন্দ্রিক নানা স্থাপনা। সেই সঙ্গে পাশে থাকা জোড়াদীঘিতেও থাকবে নৌকার মতো বিনোদনের নানা উপকরণ। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে ফুলের এই রাজ্য।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার আশরাফুল আলম বলেন, ‘এই ফুল উৎসবে দেশের এবং আমাদের দক্ষিণ-এশীয় দেশগুলোতে যত ধরনের ফুল পাওয়া যায়, আমরা সব রাখার চেষ্টা করছি। এখানে শত শত প্রজাতির ফুল থাকবে। পাশাপাশি এখানে সাম্পান থাকবে। নৌকাবাইচ হবে। থাকবে বড়শি দিয়ে মাছ ধরার ব্যবস্থা।’

অনুষ্ঠানে সচিব মাহবুব হোসেন চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশংসা করেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে পর্যটনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ফুল উৎসবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাচেতনাকে সামনে নিয়ে যাওয়ার অবারিত সুযোগ রয়েছে। সামনের প্রজন্মের জন্য আমাদেরই পরিবেশ ও সুযোগ তৈরি করতে হবে।’ পাশাপাশি প্রশাসনের একজন প্রতিনিধি হিসেবে অন্যান্য জেলা প্রশাসককেও এ ধরনের আয়োজন করার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘অবৈধ দখল, মাদক অভয়ারণ্যকে ফুলের বাগিচা বানানো হয়েছে। এই উদ্যোগ যেন ক্ষণিকের উদ্যোগ না হয়; এর ধারাবাহিকতা যেন বজায় থাকে।’ এ ছাড়াও দূর থেকে যারা আসবে তাদের জন্য থাকার ব্যবস্থা করার কথা উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা