রায়পুরা (নরসিংদী) প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ২২:৫৫ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ২৩:০৮ পিএম
নিহত আব্দুল কাইয়ুম। প্রবা ফটো
নরসিংদীর রায়পুরায় ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার এরিয়া ম্যানেজার আব্দুল কাইয়ুম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বজনদের অভিযোগ, ব্যাংকটির আরএম রেদোয়ান মোহাম্মদ তৌহিদুল ইসলামের চাপে বিষপানে আত্মহত্যা করেন তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, এ সংক্রান্ত কোন অভিযোগ থানায় জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার (২২ জানুয়ারি) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান ব্যাংক কর্মকর্তা আব্দুল কাইয়ুম। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার অধীনে রায়পুরায় ৩০টি আউটলেট (এজেন্ট শাখা) ছিল।
কাইয়ুমের স্ত্রী আমেনা বেগম অভিযোগ করে বলেন, ডাচবাংলা ব্যাংকের আলগী বাজার আউটলেট (এজেন্ট শাখা) থেকে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়েছে শাখাটির এজেন্ট শহিদুল ইসলাম লিটন। এরপর থেকেই কাইয়ুমের ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করেন ব্যাংকটির আরএম. রেদোয়ান মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এক পর্যায়ে কাইয়ুমের কাছ থেকে জোর করে একটি স্ট্যাম্পে সই নেন রেদোয়ান। এতে লেখা ছিল, খোয়া যাওয়া গ্রাহকের টাকা পরিশোধ করতে হবে কাইয়ুমকে।
তিনি আরও বলেন, এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন কাইয়ুম। এক পর্যায়ে গেল শনিবার (২০ জানুয়ারি) সকালে বিষপান করে তিনি। বিষয়টি বুঝতে পেরে প্রথমে তাকে ভৈরবের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার অবস্থার অবনতি দেখে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাইয়ুম সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মারা যান।
কাইয়ুমের পরিবারের অভিযোগের বিষয়ে জানতে আরএম রেদোয়ানকে বারবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। পরিচয় জানিয়ে তাকে এসএমএস করা হলেও সাড়া পাওয়া যায়নি।
ডাচ-বাংলা ব্যাংক নরসিংদীর ম্যানেজার ইনচার্জ মো. আনিসুর রহমানের এই বিষয়ে মন্তব্য করতে চাননি। তিনি বিষয়টি নিয়ে হেড অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, টাকা আত্মসাৎ বা আত্মহত্যার বিষয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ আসেনি।