× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবিত থেকেও এক বছর ধরে মৃত সামছুন নাহার

হাসিব আল আমিন, নোয়াখালী

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ১৪:৫৪ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৯:২৩ পিএম

সামছুন নাহার। প্রবা ফটো

সামছুন নাহার। প্রবা ফটো

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৯১ বছর বয়সি সামছুন নাহারের বয়স্ক ভাতার কার্ড হয়েছিল বেশ কয়েক বছর আগে। ভাতার টাকা দিয়েই চলত তার ওষুধের খরচ। তবে গত বছরের মার্চ মাস থেকে এই বৃদ্ধার ভাতার টাকা আসা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। প্রায় ১০ মাস ভাতার টাকা না পেয়ে ছেলেকে দিয়ে ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি এক বছর আগেই মারা গেছেন। তার নাম পরিবর্তন করে অন্যজনকে বয়স্ক ভাতার কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।

সামছুন নাহার উপজেলার আমান উল্যাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল খালেকের স্ত্রী। 

জানা যায়, দীর্ঘদিন ধরে ভাতা না পেয়ে সামছুন নাহার ছেলেকে দিয়ে ইউনিয়ন অফিসে খোঁজ নিতে পাঠালে জানতে পারেন তিনি মৃত। তার নাম কেটে দিয়ে অন্য একজনকে ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। আমান উল্যাহপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিনের স্বাক্ষরিত একটি মৃত্যু সনদে দেখা যায় ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মারা যান বৃদ্ধা সামছুন নাহার। ইউনিয়ন পরিষদ থেকে এমন একটি সনদ দেওয়ায় তার ভাতাটি বন্ধ করে দেওয়া হয়। অথচ বৃদ্ধা নিজেই জানেন না তিনি যে এক বছর আগে মারা গেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সামছুন নাহার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ইউনিয়ন পরিষদে গেলে আমার ছেলেকে সবাই বলে আমি নাকি মারা গেছি। আমাকে ভাতা দেওয়া হবে না। আমি জীবিত থাকার পরও  আমাকে মৃত দেখিয়ে আরেকজনের নামে কীভাবে ভাতার টাকা পরিবর্তন করে দেয়! আমি গরিব মানুষ। আমি এর বিচার চাই।’

সামছুন নাহারের প্রতিবেশী মোস্তফা মহসিন বলেন, ‘এ রকম ঘটনা তদন্ত করলে আরও অনেক মানুষ পাওয়া যাবে। উপজেলা সমাজসেবা কার্য়ালয় এবং ইউনিয়ন পরিষদের কতিপয় ব্যক্তি এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এদের  টাকা না দিলে বিধবা, বয়স্কভাতা হয় না। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।’

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘আমি ৬ নম্বর  ওয়ার্ডের ইউপি সদস্য। বৃদ্ধা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সম্ভবত তিনি লাইভ ভ্যারিফিকেশনের জন্য ইউনিয়ন পরিষদে আসেন নাই, তাই তাকে মৃত দেখানো হয়েছে। আমি স্বাক্ষর করেছি এটা সত্য। তবে এটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নয়। লাইভ ভ্যারিফিকেশনে না আসা সব ভাতাভোগীদের পরিষদের রেজুলেশনে ভাতা বন্ধ করা হয়।’ 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছরুল্যাহ আল মাহমুদ বলেন, ‘প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র ও পরিষদের রেজুলেশনের ভিত্তিতে জানতে পারি, সামছুন নাহার ২ ফেব্রুয়ারি ২০২৩ এ মৃত্যুবরণ করেন। তাই ভাতাটি বন্ধ করা হয়েছে। কোনো মানুষ মারা গেলে আমরা সব কাগজপত্র দেখে অন্য একজনকে প্রতিস্থাপন করি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সামছুন নাহারের ভাতার কার্ডের সংশোধন কার্যক্রম চলমান। আশাকরি তিনি দ্রুতই বয়স্ক ভাতা পাবেন। এ ছাড়াও আমরা তদন্ত করছি কে বা কারা এটার সঙ্গে জড়িত। তদন্তের পর কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা