সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:১৩ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:৪৬ পিএম
সিদ্ধিরগঞ্জ থানা। ফাইল ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মো. মিলন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রতিদিনের বাংলাদেশকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে নিহত যুবকের মা শহীতুন নেছা অজ্ঞাতপরিচয়দের আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
ওসি বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় জনতার পিটুনিতে মিলনের মৃত্যু হয়েছে। মিলনের বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাস দমন আইনসহ চুরির অভিযোগে চারটি মামলা রয়েছে। সোমবার তার মা হত্যার ঘটনায় মামলা করেন। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আটিগ্রামে মোটরসাইকেলে করে এসে মিলনসহ তিন ব্যক্তি স্থানীয় শাহজাহানকে দুটি রামদা দিয়ে হামলার চেষ্টা চালান। স্থানীয়রা মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। পরে ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ মিলনকে আটক করে স্থানীয়রা। অন্য দুজন পালিয়ে গেলেও পিটুনিতে মিলন গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে গুরুতর অবস্থায় মিলনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।