সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ২২:৫২ পিএম
নিহত ইমরান হোসেন শান্ত। প্রবা ফটো
গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের হাতে নিহত পোশাকশ্রমিক ইমরান হোসেন শান্তর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের বানিয়াকৈড় গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত শান্ত একই গ্রামের হায়দার আলীর ছেলে। তার মা আসমা খাতুন বেঁচে নেই। শান্ত কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক ছিলেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা শান্তকে কুপিয়ে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকার ফ্লাইওভারের পূর্ব পাশে ফেলে রেখে যায়। পরের দিন স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশটির পরিচয় শনাক্ত করতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হয় পুলিশের। নিহতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া হয়। পরে তার স্বজনরা লাশ শনাক্ত করে গত শনিবার কালিয়াকৈর ছুটে যান।
কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বলেন, ‘ময়নাতদন্ত শেষে শনিবার রাতে শান্তর লাশ তার চাচা দেওয়ান লিখন ও স্থানীয় ইউপি সদস্য আবু বক্কারের নিকট হস্তান্তর করা হয়েছে। শান্তর পা ও পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তবে কারা শান্তকে হত্যা করেছে জানা যায়নি।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় শনিবার রাতেই শান্তর চাচা দেওয়ান লিখন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। পুলিশ এরই মধ্যে এ হত্যার তদন্ত শুরু করেছে।’
শান্তর বাবা হায়দার আলী বলেন, ‘আমার ছেলে কালিয়াকৈরের মৌচাক এলাকার পূর্বাণী টেক্সটাইল লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। তাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
বাঙ্গালা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কার জানান, রবিবার সকালে বানিয়াকৈড় গ্রামের কবরস্থানে নিহত শান্তর লাশ দাফন করা হয়েছে। তিনি শান্তর চাচা ও বাবার সঙ্গে কালিয়াকৈর থানায় গিয়েছিলেন।