চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ২২:৪৫ পিএম
গ্রেপ্তার অস্ত্রধারী মো. জাহিদ। প্রবা ফটো
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়া সেই অস্ত্রধারী মো. জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) রাতে মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।
ওসি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গত ১২ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকার ভিডিও ফুটেজে অস্ত্র হাতে যাকে দেখা যাচ্ছে সেটা জাহিদ বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। ঘটনার পর থেকে ইতোমধ্যে জড়িত সন্দেহে জাহিদ, গোলাপ, শাওন, মিটুনসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাতজনকে রিমান্ডে এনে জিজ্ঞাবাদ করা হচ্ছে। এছাড়া ঘটনার দুই দিন পর অভিযান চালিয়ে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, ‘গ্রেফতার হওয়া আসামি শাওনের কাছ থেকে প্রথমে অস্ত্রটি মিঠুন নেন। এরপর মিঠুন থেকে নেন জাহিদ। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের বিষয়টি রিমান্ডে বিস্তারিত জানা যাবে।’ পুলিশের তথ্যমতে, প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে আটককৃতরা মূলত ফাঁকা গুলি করেননি। অস্ত্র প্রদর্শন করাটা ছিল জাস্ট ডামি। গুলির শব্দ যেটা বলা হচ্ছে সেটা মূলত চকলেটবাজি। ভয়-ভীতি প্রদর্শন করতে তারা এটা করেছিল।
এর আগে গত ১২ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে অস্ত্রের মহড়া দেয় একদল সন্ত্রাসী। তাদের বাধা দিতে গিয়ে আবদুল্লাহ আল মাহমুদ নামের স্থানীয় এক ব্যক্তি কিরিচের আঘাতে আহত হন। সে ঘটনায় ২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।