গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ২০:১৭ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ২১:১৫ পিএম
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরিডুবির ঘটনায় উদ্ধারকারী জাহাজ হামজা একটি ট্রাক উদ্ধার করেছে। প্রবা ফটো
মানিকগঞ্জের পাটুরিয়ার পদ্মা নদীতে ফেরিডুবির পাঁচ দিন পর আরও একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
রবিবার (২১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে নদী থেকে ট্রাকটি উদ্ধার করে পাটুরিয়ার ২ নম্বর ঘাটে আনা হয়। এ নিয়ে গত পাঁচ দিনে ফেরির সঙ্গে ডুবে যাওয়া তিনটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হলো। তবে এ দুর্ঘটনায় নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের সন্ধান এখনও মেলেনি। এ ছাড়া ফেরিটিও উদ্ধার হয়নি।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ একটিসহ মোট চারটি যানবাহন উদ্ধার করা হয়েছে। আশা রাখছি, প্রত্যয় আজ ডুবে যাওয়া ফেরিটি দৃশ্যমান করবে। ডুবন্ত ফেরিটি ৪০-৫০ ফুট পানির নিচে। নিখোঁজ ইঞ্জিন মাস্টারের খোঁজে কাজ চলছে।
গত বুধবার সকাল ৮টার দিকে নয়টি যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যায় রজনীগন্ধা-৭ নামে ফেরিটি। ফেরি ডোবার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ গঠিত দুটি তদন্ত কমিটি কাজ করছে। সাত কর্মদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন রজনীগন্ধার দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবির। যদিও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের ধারণা, তিনি ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন।
ফেরিডুবির দিন বুধবার উদ্ধারকারী জাহাজ হামজা এসে একটি কভার্ড ভ্যান ও একটি ট্রাক উদ্ধার করে। পরের দিন আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে উদ্ধার করে তুলা নিয়ে ডুবে যাওয়া একটি ট্রাক।