নওগাঁর সিনিয়র দায়রা জজ
নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ২০:৪৯ পিএম
নওগাঁ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে জেলা দায়রা জজ মো. আবু শামীম আজাদ। প্রবা ফটো
মামলা জট নিরসনে সকল দপ্তরের কার্যকর সমন্বয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন নওগাঁর সিনিয়র জেলা দায়রা জজ মো. আবু শামীম আজাদ। শনিবার (২০ জানুয়ারি) নওগাঁ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খান, জেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুর রহমানসহ আদালতের সকল পর্যায়ের বিচারক, গণপূর্ত ও সরকারি কৌশলীবৃন্দ।
সম্মেলনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার বলেন, ট্রাইব্যুনালের মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি হচ্ছে এবং সকলেই সহযোগিতা করছেন। ভবিষ্যতেও সকলের এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ বলেন, নওগাঁয় মামলাজট নিরসনে বিচারক, আইনজীবী, পুলিশ, চিকিৎসক, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যকর সমন্বয় প্রয়োজন। দ্রুত মামলা নিষ্পত্তিতে আগামীতেও সংশ্লিষ্ট বিভাগসমূহ তাদের যার যার আইন নির্ধারিত ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।