লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ২২:১৫ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ২২:৩১ পিএম
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকুকে ফুল দিয়ে বরণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বসুরহাট বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু এমপিকে সংবর্ধনার আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফুল দেওয়া নিয়ে চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজ ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল আনসারীর সমর্থকদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। এর আগে চরশাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে এমপি পিংকুর সামনেই ঘটনার সূত্রপাত হয়। এ সময় সংক্ষেপে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। পরে দুই গ্রুপের লোকজন বসুরহাট বাজার এলাকায় গিয়ে লাঠিসোঁটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে মো. মনির, চরশাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রুবেল ও দিঘলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইস্রাফিলের নাম জানা গেছে।
যুবলীগ নেতা রিয়াজ বলেন, ‘ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে।’ স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে।’
চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ‘এলাকায় আগে থেকেই দলীয় গ্রুপিং রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
এমপি গোলাম ফারুক পিংকু বলেন, ‘দলীয় কোন্দল নিরসনের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের বলা হয়েছে।’