রাজশাহী অফিস
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৮:৪৭ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ২০:১১ পিএম
রাজশাহী বাস টার্মিনাল। সংগৃহীত ছবি
রাজশাহী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কে চাঁদাবাজির প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে এই রুটে বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহী বিভগীয় সড়ক পরিবহন মালিক সমিতি। তবে রাজশাহী থেকে রংপুর রুটের বাসগুলো এখন বগুড়া পর্যন্ত চলাচল করছে।
বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আপাতত বাস চলাচলের ক্ষেত্রে রাজশাহীর মালিকদের কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছে পলাশবাড়িতে। কুড়িগ্রাম থেকে তাদের চিঠি দিয়ে রংপুরের সঙ্গে বাস চলাচল বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। তাই রাজশাহীর কোনো বাস আর রংপুর যাচ্ছে না। এই বাসগুলো বগুড়া পর্যন্ত যাচ্ছে। তবে শিগগিরই সমস্যা সমাধানের কথা রয়েছে।
পরিবহন মালিক সমিতির অভিযোগ, গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতি কুড়িগ্রাম থেকে আসা বাসগুলো থেকে নিয়মিত চাঁদাবাজি করছে। এর প্রতিবাদে কুড়িগ্রাম-রংপুরের বাস বন্ধ করা হয়েছে। এই প্রতিবাদের সাথে একাত্মতা জানিয়ে রাজশাহী বিভাগের কোনো বাস রংপুর বিভাগে না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে পলাশবাড়ী পরিবহন মালিক সমিতির সভাপতি এনামুল হক সরকার মকবুল বলেন, ‘পলাশবাড়ী মালিক সমিতির একটি বাস কুড়িগ্রাম থেকে কুয়াকাটা চলাচল করতো। গত পরশু সেই বাসটি কুড়িগ্রাম মালিক সমিতি আটকে রাখে। যার প্রেক্ষিতে কুড়িগ্রাম মালিক সমিতির দুটি বাস আমরা পলাশবাড়ীতে আটকে রাখি। রংপুর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধের ব্যাপারে আমাদের কোন হস্তক্ষেপ নেই। আমাদের বাস চলছে।’
তিনি আরও বলেন, ‘কোন জেলার বাস আমরা বন্ধ করিনি। কোন জেলার সাথে আমাদের কোন শত্রুতা নেই। তাছাড়া রংপুর-রাজশাহী রুটে বাস কেন বাস চলছে না সেটিও আমাদের জানা নেই।’