পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৫:০২ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৫:১৮ পিএম
পাবনা শহরের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রপতি। প্রবা ফটো
পাবনায় শেখ কামাল হাইটেক পার্ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তিনি বলেন, ‘পাবনাকে এগিয়ে নেওয়া আমাদের সবার দায়িত্ব। আধুনিক পাবনা গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।’
বুধবার (১৭ জানুয়ারি) রাতে পাবনা শহরের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘অচিরেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইছামতি নদীর খনন কাজ শুরু হবে। পাবনা থেকে মানুষ ট্রেনে সরাসরি ঢাকা যাবে। পাবনা মেডিকেল কলেজের কাজ শুরু হয়ে যাবে।’
তিনি বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধ করেছিলাম। পাবনায় রাজনীতি করেছি, বেড়ে উঠেছি। এই শহরের মাটি ও মানুষের কাছে আমার দায়বদ্ধতা রয়েছে। তাদের দোয়ায় আজকে রাষ্ট্রপতি হয়েছি, ফলে আমার নিজস্ব দায়িত্বও অনেক।’
তিনি আরও বলেন, ‘এই শহরের প্রতিটি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক আমার। আপনারা আমাকে দোয়া ও মায়ায় রাখবেন যেন কিছু ভালো কাজ করতে পারি।’
এদিন দেশের ২২তম রাষ্ট্রপতিকে মিডিয়া সেন্টারে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাষ্ট্রপতির ঘনিষ্ঠ বাল্যবন্ধু, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, মিডিয়া সেন্টারের প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব ওয়াহিদুল ইসলাম, একান্ত সচিব দিদারুল আলম, চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন, চিকিৎসক কর্নেল একেএম ফজলুল হক, প্রধান কম্পটোলার মেজর তারেক হোসেন ভুঁইয়া, প্রেস সচিব জয়নাল আবেদিন, রাষ্ট্রপতির ঘনিষ্ঠ বন্ধু লায়ন বেবী ইসলাম, রেজাউল রহিম লাল, মুক্তার হোসেন, সাংবাদিক এইচ কে আবুবকর সিদ্দিক, এবাদত আলী, মোসতাফা সতেজ, আকতারুজ্জামান আখতার, কামাল আহমেদ সিদ্দিকী, আঁখিনূর ইসলাম রেমন, গোলাম খাজা সাদী, ছিফাত রহমান সনম, এস. এম আলাউদ্দিন, আহম্মেদ হুমায়ুন কবির তপু, শাহীন রহমান, আরিফ আহমেদ সিদ্দিকী, মোখলেছুর রহমান খান বিপ্লব, সুশান্ত কুমার সরকার, প্রবীর কুমার সাহা, আবুল কালাম আজাদ, জিয়াউল হক রিপন প্রমুখ।