সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ২১:৪৯ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ২২:০৩ পিএম
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘যারা নৌকায় ভোট দিয়েছেন তাদের গিয়ে বলবেন, এমপি সাহেবের দরজা আপনাদের জন্য খোলা। যারা নৌকায় ভোট দিয়েছেন, আমি মনে করি সব ভোট আমি পাইছি। নৌকার ভোট আমার ভোট। সেখানে কোনো বিভক্তি নাই।’
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক ব্যাপারীর বাড়িতে এক সমাবেশে এসব কথা বলেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য নিক্সন চৌধুরী। তিনি নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন।
সমাবেশে তিনি বলেন, ‘সাধারণ মানুষ যারা নৌকায় ভোট দিছেন, আমরা মনে করি তারা আমাদের রক্ত, আমাদের ভাই। কোনো নেতাকর্মীর কথা বলতেছি না। সাধারণ নৌকার ভোটার আছেন না, যারা বঙ্গবন্ধুর আমল থেকে নৌকায় ভোট দিচ্ছেন, তারা আমাদের ভাই। নৌকার সাথে আমাদের বিরোধ নাই। আমরা আসল নৌকা। আমাদের বিরোধ ছিল যাকে বারবার নৌকা দিত। ওই ব্যক্তি এই তিন থানায় গত ৪০ বছরে কোনো কাজ করেন নাই। আমরা সেই ব্যক্তির বিপক্ষে। আমরা নৌকার বিপক্ষে না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট। এ নিয়ে কাজী জাফর উল্যাহকে তৃতীয়বারের মতো পরাজিত করলেন নিক্সন চৌধুরী।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য শাহেদীদ গামাল, সদরপুর ইউপি চেয়ারম্যান কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, ঘারুয়া ইউপি চেয়ারম্যান মনসুর মুন্সী প্রমুখ।