অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৫:৪৩ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ১৬:৫০ পিএম
ভৈরব নদে ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজ। প্রবা ফটো
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নওয়াপাড়া এলাকায় ভৈরব নদে এমভি পূর্বাঞ্চল-৭ নামের লাইটার জাহাজের তলা ছিদ্র হয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নৌযানটির মাস্টার। জাহাজটি ভাটপাড়া খেয়াঘাটের কাছে নোঙর করা ছিল।
এমভি পূর্বাঞ্চল জাহাজের মাস্টার মো. এনায়েত হোসেন জানান, গত ৬ জানুয়ারি নওয়াপাড়ার ব্যবসায়ী মেসার্স জেএইচএম গ্রুপের আমদানি করা ৭০০ টন কয়লা হাড়বাড়িয়া থেকে যাত্রা করে। পর দিন নদের ভাটপাড়া খেয়াঘাটের পাশে জাহাজটি নোঙর করা হয়। নোঙর করা অবস্থায় ৯ দিন পর মঙ্গলবার বেলা ১১টার দিকে জাহাজের তলা ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজের কয়লা উদ্ধারের চেষ্টা চলছে।
জেএইচএম গ্রুপের নওয়াপাড়া অফিসের কর্মকর্তা জগদিশ চন্দ্র মন্ডল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জাহাজে ৭০০ টন কয়লা ছিল। উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হবে।