চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৪:০০ পিএম
পিবিআই পরিচয় দেওয়া নাজমুল হুসাইন গ্রেপ্তার। প্রবা ফটো
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয় দেওয়া নাজমুল হুসাইন নামে এক কথিত পুলিশকে আটক করেছে চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হাসাদাহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজমুল লক্ষীপুরের রায়পুর থানার দেবীপুর গ্রামের বাসিন্দা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত কেরেছেন।
তিনি জানান, গত ৮ জানুয়ারি নাজমুল হুসাইন তার ব্যবহৃত ফোন দিয়ে জীবননগর উপজেলার কন্দপপুর গ্রামের মিরাজুল ইসলামকে কল করে বলেন, আমি নারায়ণগঞ্জ পিবিআইর একজন পুলিশ অফিসার। আপনার এই নাম্বারটি এনআইডি দিয়ে তোলা, আপনি মাদক কারবারীর সঙ্গে জড়িত। আমি আপনার বাড়িতে তদন্তের জন্য আসব। আপনি আপনার ব্যবহৃত সিমটি তুলে রাখবেন। এরপর সোমবার ৪টার দিকে নাজমুল মিরাজুলে বাড়িতে গিয়ে সিমটি নিয়ে নেয়। এসময় তার কথাবার্তায় সন্দেহজনক মনে করে মিরাজুল জীবননগর থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া পুলিশ স্বীকার করেন।
ওসি বলেন, সাধারণ মানুষকে অসৎ উদ্দেশ্যে হেনস্তা করার অপরাধে নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।