যৌন হয়রানি
রাজশাহী প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ২২:৪৭ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ২৩:২১ পিএম
সংগৃহীত ছবি।
শিশু রোগীকে যৌন হয়রানির মামলায় আদালতে গিয়ে জামিন হয়নি - এমন খবরে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান রাজু আহমেদ।
রবিবারের (১৪ জানুয়ারি) এ ঘটনায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রাজু আহমেদ মহানগর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি নগরীর তালাইমারিতে অবস্থিত মেট্রো ডেন্টাল কেয়ারে প্রাইভেট চেম্বারে প্রাকটিস করেন।
রাজুর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন। তিনি জানান, নগরীর তালাইমারিতে অবস্থিত নিজ চেম্বারে শিশুকে যৌন হয়রানী মামলার আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রাজু। ওই ঘটনায় গত বছরের ৩০ অক্টোবর রাতে শিশুর মা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের প্রফেসর তার বিরুদ্ধে মামলা করেন। রাজশাহীর আদালতে আজ আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করেন। এই খবরে তিনি আদালত চত্বরে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তিনি ব্রেইন স্ট্রোক করেছেন বলে নিশ্চিত হওয়া যায়। বর্তমানে তিনি হাসপাতালটির ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।