রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ১৭:০৩ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ১৭:২৪ পিএম
স্কুলছাত্রী উত্তরা চাকমা। প্রবা ফটো
রাঙ্গামাটি বরকল উপজেলায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ স্কুলছাত্রী উত্তরা চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথছড়া এলাকায় কর্ণফুলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্কুলছাত্রী উত্তরা চাকমা বরকল উপজেলার ৩ নম্বর আইমাছড়া ইউনিয়নের কালাপুনছড়া গ্রামের বাসিন্দা। সে শহরের ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। কয়েকদিন আগে সে ছুটি কাটাতে বাড়ি এসেছিল।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ আহমেদ ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল ৯টার দিকে জগন্নাথছড়া এলাকায় মরদেহটি ভেসে উঠে। পরে সেটি উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
গত শুক্রবার সকালে ইঞ্জিনচালিত নৌকা করে স্কুলছাত্রী উত্তরা চাকমাসহ বেশ কয়েকজন যাত্রী রাঙামাটি শহরে যাচ্ছিল। এ সময় জগন্নাথছড়ামুখ এলাকায় পৌঁছালে কাপ্তাই হ্রদের বিপরীত দিকে যাওয়া ছোট হরিণাগামী বিজিবি সদস্যদের বহনকারী একটি লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রীসহ নৌকাটি নদীতে ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে নদীর তীরে যেতে পারলেও স্কুলছাত্রী উত্তরা চাকমা পানিতে ডুবে যায়।