কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৬:২০ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ১৭:৩১ পিএম
কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন। প্রবা ফটো
ঢাকা-কক্সবাজার রেল রুটে এবার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত চালু হচ্ছে কমিউটার ট্রেন। এই রুটে বর্তমানে সরাসরি ঢাকা-কক্সবাজার দুটি ট্রেন চলাচল করে। এগুলো হলো ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ফেব্রুয়ারি মাস থেকে প্রতিদিন দুটি কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে এসে রামু, ঈদগাঁও, ডুলহাজারা, চকরিয়া, হারবাং, দোহাজারিসহ কয়েকটি স্টেশন হয়ে চট্টগ্রাম পর্যন্ত যাওয়া-আসা করবে
ঢাকা-কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ চালু করার জন্য চট্টগ্রামের দোহাজারি-কক্সবাজার পর্যন্ত রেলপত্র নির্মাণ করা হয়। একইসঙ্গে কক্সবাজারে নির্মাণ করা হয় আইকনিক রেলওয়ে স্টেশন। গত বছরের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথ ও রেলস্টেশন উদ্বোধন করেন। ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে যাত্রা করে প্রথম ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’। এক মাস পরই ১০ জানুয়ারি এই রুটে যুক্ত হয় আরেকটি ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’।
কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী জানান, যাত্রীদের চাহিদা রয়েছে কক্সবাজার-চট্টগ্রাম রুটে যেন ট্রেন চলাচল শুরু হয়। এজন্য রেল কর্তৃপক্ষ আগামী মাসেই এই রুটে কমিউটার ট্রেন চালু করার চিন্তা করছেন। বর্তমানে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন, সকাল ও রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। আর সকাল ও বিকালে পুনরায় যাত্রী নিয়ে ট্রেন দুটি ফিরছে কক্সবাজারে। ঢাকা-কক্সবাজার রুটে এখন প্রতিদিন দুটি ট্রেনে যাতায়াত করছেন ৩ হাজার ১৩০ জন যাত্রী।