গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১৬:৪৮ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪ ১৭:২৬ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত এমপি ব্যারিস্টার সুমন। প্রবা ফটো
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, আমার চুনারুঘাট মাধবপুর এলাকায় ছোট ছোট প্রায় একশ’ ফুটবল মাঠ বানাতে চাই। ফুটবল খেলাটা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ও সংসদে ফুটবল নিয়ে কথা বলতে চাই। কারণ বাচ্চাদের ফুটবল মাঠে নিয়ে না গেলে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখা সম্ভব হবে না। এজন্য ফুটবলটা খুবই গুরুত্বপূর্ণ। আর বাফুফে-কে যতটুকু প্রেসারে রাখা যায় ততটুকুই প্রেসারে রাখতে চাই।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নবনির্বাচিত এমপি সুমন বলেন, আগামী সপ্তাহে বাড়ি গিয়ে প্রথম একটা পুরোনো নদীর ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হবে কাজের অগ্রযাত্রা। তারপর অন্য পরিবর্তনগুলো আমি সাধন করব। আমার পুরো সময়টাই (৫ বছর) চমকের ওপর থাকবে। এটা আমি দেখাব যে একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে।’
তিনি আরও বলেন, ‘বুধবার (১০ জানুয়ারি) এমপি হিসেবে শপথগ্রহণ করে আজকে সকালে চলে এসেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে। কারণ বঙ্গবন্ধুর আদর্শের ওপর ভিত্তি করে নিজেকে সব সময় দাবি করে বলি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এজন্য ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েই আমি আমার কাজ শুরু করতে চাই।’
এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
সামাজিকমাধ্যমের পরিচিত মুখ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে নৌকার প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে প্রায় ১ লাখ ভোটে হারিয়ে নির্বাচিত হন তিনি।