কক্সবাজার অফিস
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ২০:১৫ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ২০:৫৫ পিএম
ঢাকা-কক্সবাজার রুটে পর্যটক এক্সপ্রেস নামের নতুন ট্রেন। প্রবা ফটো
ঢাকা-কক্সবাজার রুটে পর্যটক এক্সপ্রেস নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে। যাত্রার প্রথম দিন বুধবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে টেনটি কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছায় বিকাল ৩টা ২৫ মিনিটে।
কক্সবাজার স্টেশনমাস্টার গোলাম রব্বানী জানান, ১৬ বগির পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধারণক্ষমতা ৭৮৫ জনের। প্রথম দিনে ৭৮৫ যাত্রী নিয়েই সৈকতের শহরে আসে ট্রেনটি। রাত সাড়ে ৮টায় একই সংখ্যক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা। প্রতি সপ্তাহের রবিবার ট্রেনটি চলাচল বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই রুটে পূর্বনির্ধারিত টিকিটের দাম রাখা হচ্ছে পর্যটক এক্সপ্রেসেও। ঢাকার কমলাপুর থেকে কক্সবাজার নন-এসি ‘শোভন চেয়ার’ ভাড়া ৬৯৫ টাকা। এসি ‘স্নিগ্ধা’ ভ্যাটসহ ভাড়া ১ হাজার ৩২৫ টাকা। ঢাকা বিমানবন্দর স্টেশন থেকেও একই ভাড়া নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের ১১ নভেম্বর বহুল প্রতীক্ষিত ঢাকা-কক্সবাজার রেললাইন ও কক্সবাজার আইকনিক রেলস্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা-কক্সবাজার রুটে ১ ডিসেম্বর থেকে ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে কক্সবাজার এক্সপ্রেস নামে এক জোড়া ট্রেন দিয়ে যাত্রা শুরু করে রেল কর্তৃপক্ষ। ট্রেনে দিনে দিনে বাড়তে থাকে পর্যটকের চাপ।
যাত্রীদের চাহিদা মাথায় রেখে বিরতিহীন এই ট্রেন চালু করা হয়েছে উল্লেখ করে গোলাম রব্বানী বলেন, ‘দেশের বিভিন্ন রুটের সঙ্গে আরও কয়েকটি ট্রেন কক্সবাজার স্টেশন থেকে চলাচল শুরু করার জন্য আলোচনা চলছে। অল্প সময়ের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।’