× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারের ব্যাখ্যায় মমতাজ বললেন, ‘প্রবাসী ও মৃতদের ভোটও দেওয়া হয়েছে’

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৯:১৫ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১৯:৩০ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মমতাজ। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মমতাজ। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ-২ আসনের পরাজিত নৌকার প্রার্থী মমতাজ বেগম নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন। তিনি বলেন, ‘সিংগাইর উপজেলার বলধরা, বায়রা ইউনিয়ন ও সিংগাইর পৌরসভার ভোটকেন্দ্রগুলোতে অস্বাভাবিক ভোট পড়েছে। বিদেশে আছে, মারা গেছে—তাদের ভোটও দেওয়া হয়েছে। আমি অন্য জায়গায় পাস করলেও এসব এলাকায় অস্বাভাবিক ভোট হওয়ায় পরাজিত হয়েছি।’

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্বভাকুম এলাকায় নিজের বাড়ির উঠানে কর্মিসভায় তিনি এসব অভিযোগ করেন।

মমতাজ অভিযোগ করেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহীউদ্দীনসহ আরও কিছু নেতা নৌকার বিপক্ষে কাজ করেছেন, যা কেন্দ্রীয় সভাপতি ও দলীয় নেতাকর্মীরা জানেন। যারা স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছ থেকে টাকা-পয়সা খেয়ে নৌকার বিপক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নেত্রীকে অনুরোধ করা হয়েছে।’

‘আমরা এখনও লিখিত কোনো অভিযোগ করিনি। তবে তথ্য সংগ্রহ করে অবিলম্বে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেব,’ যোগ করেন তিনি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু কালো টাকা ছড়িয়ে বিএনপি-জামায়াতের ভোট কিনে এমপি হয়েছেন। নির্বাচনের রাত থেকে তার লোকজন আমাদের অসংখ্য নেতাকর্মীর বাড়িতে হামলা করেছে। প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা করছে, ককটেল ফাটাচ্ছে। তাদের হাত থেকে নারীরাও রেহাই পাচ্ছে না। অকথ্য ভাষায় গালাগালি করছে। তারা সিংগাইর পৌরসভার কাউন্সিলর সোহেল, তার স্ত্রী ও মেয়ের ওপর হামলা করেছে। চান্দহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুরগির খামারে আগুন দিয়েছে। জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলামকে তারা মারধর করেছে। সে কোনো রকমে জীবন নিয়ে পালিয়েছে।’

সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘টুলু বিজয়ী হওয়ার পর তার অনুসারী-কর্মীরা নৌকার কর্মীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা করে আসছে। এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জন নৌকার কর্মী ও দলীয় লোকজনকে মারধর করা হয়েছে। এ ছাড়া দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্য, স্ত্রী ও ছেলেমেয়েরাও নির্যাতনের শিকার হচ্ছে। দেওয়ান জাহিদ আহমেদ টুলুর লোকজন দলীয় নেতাকর্মীদের হামলার অভিযোগে মানিকগঞ্জের পুলিশ সুপারসহ ডিএমপির কমিশনারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কারও ওপর হামলা হলে, আঘাত করলে আমাদের জানাবেন। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হলে আমরাও বসে থাকব না। তবে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনাদের কারও ওপর হামলা হলে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মিলিতভাবে আপনাদের পাশে দাঁড়াব, ভয় পাবেন না।’

মমতাজ বেগমের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি সিংগাইর উপজেলাসহ পুরো জেলায় নানা সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছি। অসহায় ও দরিদ্র বিপুলসংখ্যক মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছি। এর ফলে মানিকগঞ্জবাসীর ভালোবাসা ও সহযোগিতায় এই নির্বাচনে আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর এই গণজোয়ারেই আমি নিরঙ্কুশ জয় পেয়েছি।’

তিনি দাবি করেন, ‘মমতাজ বেগম দীর্ঘদিন এমপি থেকেও নির্বাচনী এলাকার উল্লেখযোগ্য ও দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন করতে পারেননি। ফলে এই আসনের সাধারণ জনগণ তার প্রতি ভীষণ ক্ষুব্ধ ছিল।’

জাহিদ আহমেদ আরও দাবি করেন, ‘মমতাজ বেগম দলের দীর্ঘদিনের ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের বাদ দিয়ে অযোগ্য ও সমালোচিত নিজের আত্মীয়স্বজনদের উপজেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান দিয়েছেন। ফলে জেলা আওয়ামী লীগসহ স্থানীয় নেতাকর্মীরা তার প্রতি নাখোশ ছিলেন। মূলত এসব কারণেই তিনি নৌকা প্রতীক পেয়েও ফেল করেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা