শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৮:৪৭ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১৯:০৬ পিএম
আতিউর রহমান আতিক। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের দুটি ভোটকেন্দ্রে একটি ভোটও পাননি টানা পাঁচবারের এমপি ও দুবারের হুইপ নৌকার প্রার্থী আতিউর রহমান আতিক।
কেন্দ্র দুটি হলো- সদর উপজেলার ২ নম্বর চরশেরপুর ইউনিয়নের বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও একই ইউনিয়নের বামনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৭৮টি ভোট পড়ে। এর মধ্যে ২ হাজার ৯৩২ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু। বাকি ভোট অন্যান্য প্রার্থী পেয়েছেন। বামনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৩৮৫টি ভোট পড়ে। এর মধ্যে ছানু পেয়েছেন ৩ হাজার ৫৫টি ভোট।
স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) ছানুয়ার হোসেন ছানু ১ লাখ ৩৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আতিউর রহমান আতিক পেয়েছেন ৯৩ হাজার ৩৭ ভোট।
অন্য প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির মাহমুদুল হক মনি ২ হাজার ৩০৭ ভোট, তৃণমূল বিএনপির ফারুক হোসেন ১৯২ ভোট, বিএনএম প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ ১৭২ ভোট, বিএসপির প্রার্থী আবুল কালাম আজাদ ৭৪ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের বাউল শিল্পী বারেক বৈদেশী পেয়েছেন ২০৫টি ভোট।
জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দশম ও একাদশ জাতীয় সংসদের হুইপ ছিলেন।