চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৫:৫৩ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১৫:৫৪ পিএম
কারখানা কর্তৃপক্ষ বেতন বাড়ানোর দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে দুপুরে কাজে ফিরে যান আন্দোলনকারী শ্রমিকেরা। প্রবা ফটো
বেতন বৃদ্ধির দাবিতে পাঁচ ঘণ্টা অবরোধের পর কাজে ফিরেছেন চট্টগ্রামের এসকেডি ইন্টারন্যাশনাল লিমিটেডের শ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষ বেতন বাড়ানোর দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা কাজে ফিরে যান।
বুধবার (১০ জানুয়ারি) প্রতিষ্ঠানটির উপ মহাব্যবস্থাপক মো. সুমন আলী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শ্রমিকেরা চার হাজার টাকা করে বেতন বাড়ানোর যে দাবি জানিয়েছেন, সেটি মালিকপক্ষ মেনে নিয়েছে। বেপজা কর্তৃপক্ষ, শিল্প পুলিশের উপস্থিতিতে আমরা শ্রমিকদের বিষয়টি নিশ্চিত করার পর দুপুর সাড়ে ১২টার দিকে তারা কাজে ফিরেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবাই কারখানায় কাজ করছেন।’
বেতন সাড়ে ৪ হাজার টাকা বাড়ানোর দাবিতে আজ সকাল সাড়ে ৭টার দিকে ইপিজেডস্থ এসকেডি ইন্টারন্যাশনাল (সিইপিজেড) লিমিটেড কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।
এ শ্রমিকেরা বলেন, বেপজা ঘোষিত নতুন বেতনকাঠামো অনুযায়ী সব শ্রমিকের বেতন একই হারে বাড়ানো হয়নি। নতুন শ্রমিকদের বেতন যেখানে সাড়ে ৪ হাজার টাকা বেড়েছে, সেখানে পুরোনো অভিজ্ঞদের বেতন বাড়ানো হয়েছে ৯০০ থেকে ১ হাজার টাকা। তাই তারা আন্দোলনে নেমেছেন।
সিইপিজেড সূত্রে জানা গেছে, বেপজার নতুন বেতনকাঠামোয় অন্যান্য পোশাক কারখানায় ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা। বেপজায় তা ১২ হাজার ৮০০। এ হিসেবে এসকেডি ইন্টারন্যাশনাল শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৮০০ টাকা করে দেয়। এতে নতুন শ্রমিকদের অনেকের বেতন বেড়েছে প্রায় ৪ হাজার টাকা। কিন্তু যারা দীর্ঘদিন কারখানায় কাজ করছেন তাদের বেতন সে হারে বাড়েনি। তাই শ্রমিকেরা আন্দোলন শুরু করেছেন।
শিল্পপুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন। বেপজা ও মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলছে। গত মাসের বর্ধিত বেতন এই সপ্তাহের মধ্যে দিবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি তারা মেনে নেওয়ায় শ্রমিকেরা কাজে ফিরেছেন।