চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ০৯:০৪ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১০:৫৯ এএম
বেতন বৃদ্ধির দাবিতে এবার এসকেডি ইন্টারন্যাশনাল শ্রমিকরা বিক্ষোভ করেছে। প্রবা ফটো
চট্টগ্রামে প্যাসিফিক জিন্সের পর এবার বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেছে এসকেডি ইন্টারন্যাশনালের শ্রমিকরা। বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ইপিজেডস্থ কারখানার সামনে আন্দোলন শুরু করে শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছে, বেপজা ঘোষিত নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন না বাড়ানোয় তারা বিক্ষোভ করছে। নতুন বেতনকাঠামো অনুযায়ী সব শ্রমিকের বেতন একই হারে বাড়ানো হয়নি। নতুন শ্রমিকদের যেখানে সাড়ে ৪ হাজার টাকা বেতন বেড়েছে, সেখানে পুরোনো অভিজ্ঞদের বেতন বাড়িয়েছে ৯০০ থেকে ১ হাজার টাকা। তাই শ্রমিকরা ইয়ংওয়ানের মতো সবার সাড়ে ৪ হাজার টাকা বেতন বাড়ানোর দাবিতে এ আন্দোলন শুরু করেছে।
এ সম্পর্কে জানতে চাইলে এসকেডি ইন্টারন্যাশনালের উপমহাব্যবস্থাপক মো. সুমন আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শ্রমিকদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। বেতন বাড়ানোর দাবি নিয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। শ্রমিকদের দাবি মেনে বেতন বাড়ানো হবে।’
শিল্পপুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছে। বেপজা ও মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলছে। শ্রমিকদের দাবি তারা মেনে নেবেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিইপিজেডসূত্রে জানা গেছে, বেপজার নতুন বেতনকাঠামোয় অন্যান্য পোশাক কারখানায় ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা। বেপজায় তা ১২ হাজার ৮০০। এ হিসেবে এসকেডি ইন্টারন্যাশনাল শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৮০০ টাকা করে দেয়। এতে নতুন শ্রমিকদের অনেকের বেতন বেড়েছে প্রায় ৪ হাজার টাকা। কিন্তু যারা দীর্ঘদিন কারখানায় কাজ করছে তাদের বেতন সে হারে বাড়েনি। তাই শ্রমিকরা আন্দোলন শুরু করেছে।
এর আগে মঙ্গলবার একই দাবিতে প্যাসিফিক জিন্সের শ্রমিকরা আন্দোলন শুরু করে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা সিইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এনএসটি ফ্যাশনের প্রধান কার্যালয় ঘেরাও করে। পরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর সেখানে গিয়ে শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণা দেন। বেতন বাড়ার ঘোষণা পেয়ে আন্দোলন স্থগিত করে কাজে ফিরে যায় শ্রমিকরা।
ইয়ংওয়ান শ্রমিকদের বেতন বাড়ানোর ক্ষেত্রে নতুন এবং পুরান শ্রমিকদের মধ্যে কোনো বৈষম্য করেনি। নতুন বেতনকাঠামো ঘোষণার পর প্রতিষ্ঠানটি কারখানার সব শ্রমিকের বেতন একই হারে সাড়ে ৪ হাজার টাকা করে বাড়িয়ে দিয়েছে।