× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণা-৩

সাবেকের কাছে ধরাশয়ী বর্তমান

জিয়াউর রহমান, নেত্রকোণা

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ২২:২৭ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ২২:২৮ পিএম

ইফতিকার উদ্দিন তালুকদার (বাঁয়ে) ও অসীম কুমার উকিল। প্রবা ফটো

ইফতিকার উদ্দিন তালুকদার (বাঁয়ে) ও অসীম কুমার উকিল। প্রবা ফটো

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে নিজ দলের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর সঙ্গে হেরে গেছেন নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল।

আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। আর ব্যবসায়ী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরে দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। পরে তিনি ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হন।

স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের বাসিন্দা ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু সৎ ও নির্ভেজাল ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি সংসদ সদস্য থাকাকালীন এলাকায় শতভাগ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করাসহ রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছিলেন। আর এসব কারণেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরও ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর বিজয় অনেকটা সহজ হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী প্রকাশ্যে ও গোপনে পিন্টুকে বিজয়ী করার জন্য সক্রিয়ভাবে সমর্থন দিয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা অসীম কুমার উকিল একজন বড়মাপের মানুষ। তিনি অনেক গুণী ব্যক্তি। কিন্তু তৃণমূল মানুষের সঙ্গে তিনি সহজে মিশতে পারতেন না। সংসদ সদস্য হওয়ার পর তিনি নিয়মিত এলাকায় আসতেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে মূল্যায়ন করতেন না। এ ছাড়া কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূইয়াসহ একাংশের নেতাদেরকেই তিনি বেশি গুরুত্ব দিতেন। যার ফলে দলের অনেক ভোটারই ক্ষুব্ধ হয়ে তাকে ভোট দেননি।

রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য মতে, নেত্রকোণা-৩ আসনে ৩ লাখ ৯৪ হাজার ৩২০ ভোটারের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৭১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার ট্রাক প্রতীকে ৭৬ হাজার ৮০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর আওয়ামী লীগের অসীম কুমার উকিল নৌকা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৫৫০ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির জসিম উদ্দিন ভূইয়া (লাঙ্গল) ২৯০, তৃণমূল বিএনপির মিজানুর রহমান খান (সোনালী আঁশ) ৩২৭, ইসলামী ঐক্যজোটের এহতেশাম সারওয়ার (মিনার) ২৮৪ এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী (ঈগল) ৫ হাজার ৪৬০ ভোট পেয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা