ঢাকা-১৯
আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৪:৪৯ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১৬:১৫ পিএম
বাঁ দিক থেকে মুহাম্মদ সাইফুল ইসলাম, ডা. এনামুর রহমান ও তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম। রবিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বেসরকারিভাবে ট্রাক প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। সাইফুল ইসলাম সংসদ নির্বাচনে অংশ নিতে ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
ট্রাক প্রতীক নিয়ে মুহাম্মদ সাইফুল ইসলাম ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তোহিদ জং মুরাদ ঈগল প্রতীকে ৭৬ হাজার ২০২ ও বর্তমান সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান নৌকা প্রতীকে ৫৬ হাজার ৩৬১ ভোট পান।
এ ছাড়া এই আসনে আরও সাত প্রার্থী তাদের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে জাতীয় পার্টির আইরিন পারভিন কাঁঠাল প্রতীকে ১৩৩ ভোট, গণফ্রন্টের নুরুল আমিন মাছ প্রতীকে ১১৩ ভোট, তৃণমূল বিএনপির মাহাবুবুল হাসান সোনালী আঁশ প্রতীকে ২৮০ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ডাব প্রতীকে ১৮৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির ইস্রাফিল হোসেন সাভারী আম প্রতীকে ৫৬৫ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে ১৬৯ ভোট ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নোঙ্গর প্রতীকে ১৪০ ভোট পান।
ঢাকা-১৯ আসনে মোট ভোটার ৭ লাখ ৫৬ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৬৮ ও নারী ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৩৫ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১৩ জন। এসব ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ২২ হাজার ৬৫০ জন।