পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৭:২১ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৮:১৯ পিএম
সাঁথিয়া মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রের পোলিং কর্মকর্তা স্বপন হোসেন। প্রবা ফটো
পাবনা-১ আসনে (সাঁথিয়া-বেড়ার একাংশ) নৌকার পক্ষে জালভোট দেওয়ার সময় স্বপন হোসেন নামের এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে সাঁথিয়া মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পোলিং অফিসার হয়ে তিনি জালভোট দিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে তাকে অফিস রুমে নিয়ে এসে সঙ্গে সঙ্গে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখানে সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। বিকালের দিকে একটু সমস্যা তৈরি হয়েছিল। বর্তমানে সব ঠিকঠাক আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক ভোটার বলেন, ‘ভোট দিতে গিয়ে একজনের হাতে নৌকায় সিল মারা ৪টি ব্যালট পেপার দেখতে পাই। অন্যান্য ভোটারদের সহযোগিতায় তাকে আটক করে দ্রুত প্রিসাইডিং অফিসারকে জানানো হয়। পরে আমরা জানতে পারি তিনি পোলিং অফিসার। পরে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।’
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আলপনা ইয়াসমিন বলেন, ‘এ বিষয়ে আপনি জেলায় যোগাযোগ করেন।’
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মুহা. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।