চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৫:৩৭ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৫:৩৯ পিএম
বিএনএমের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন। প্রবা ফটো
ভোটগ্রহণে কারচুপির অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়ালেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএমের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন। রবিবার (৭ জানুয়ারি) দুপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান প্রার্থী নিজেই। তার অভিযোগ- কেন্দ্রে প্রার্থীকে ঢুকতে না দেয়া, এজেন্টদের হুমকি ও কেন্দ্র থেকে বের করে দেয় প্রতিপক্ষ।
মোহাম্মদ আব্দুল মতিন জানান, প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ভোটের আশ্বাস দেয়া হলেও ভোটের দিন চিত্র পুরো উল্টো ছিল। বেশ কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আরও কয়েকটি কেন্দ্রে দায়িত্বরত এজেন্টদের বিভিন্নভাবে হুমকি দেয়া হয়েছে। পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে তাকে কেন্দ্রে ঢুকতে দেয়নি নৌকার সমর্থকরা।
তিনি অভিযোগ করে আরও জানান, এ অবস্থায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। নির্বাচনী পরিবেশ নিয়ে আগেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। প্রশাসনের পক্ষ থেকেও নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আশ্বাস দেয়া হয়েছে। শেষ পর্যন্ত নির্বাচনী সুষ্ঠু পরিবেশ না থাকায় ভোট বর্জন করলাম।
তবে বিএনএমের প্রার্থীর অভিযোগের আগে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন সংবাদিকদের জানিয়ে ছিলেন, সারা জেলায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।