বগুড়া অফিস
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১০:৫৬ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১১:১১ এএম
ভোট দিচ্ছেন হিরো আলম। প্রবা ফটো
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ভোট দিয়েছেন বগুড়া-৬ আসনে। রবিবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট দিয়ে হিরো আলম বলেন, ‘বগুড়া-৬ আর বগুড়া-৪ আসন কাছাকাছি। আমি এ আসনে ভোট দিতে পেরে গর্বিত। নিজেকে ভোট দিতে পারিনি, এতে দুঃখ নেই। ভোটের পরিবেশ ভালো আছে। তবে ভোটার উপস্থিতি কম।’
তিনি আরও বলেন, ‘ভোট সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। যদি কারচুপি হয় তাহলে সেখানে আর কিছু বলার থাকে না।’
তিনি অভিযোগ করেন, ‘কাল (শনিবার) আমার বাড়ির ২০০ গজ সামনে ককটেল বিস্ফোরণ করেছে। কিন্তু আমি এতে ভয় পাইনি। কারণ আমি ভয় পেলে ভোট করবে কে?’
এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে ভোটের মাঠে রয়েছেন বর্তমান সংসদ সদস্য, ১৪-দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন। এ ছাড়া বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লাসহ আরও চারজন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।