দিনাজপুর-৫
প্লাবন শুভ, ফুলবাড়ী
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ২১:৪৪ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ২২:২৯ পিএম
মোস্তাফিজুর রহমান ফিজার। প্রবা ফটো
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে নৌকাকে চ্যালেঞ্জ জানানোর মতো এবারও নেই কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী। ফলে অষ্টমবারের মতো এবারও অনেকটাই শঙ্কামুক্ত নৌকার প্রার্থী সাবেক গণশিক্ষামন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার। নির্বাচনী মাঠ ঘুরে দলীয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
এই আসনে বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার ছাড়াও অন্যান্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছেন- লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির অ্যাডভোকেট নূরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীক নিয়ে শওকত আলী। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ঈগল প্রতীক নিয়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. তোজাম্মেল হক এবং ট্রাক প্রতীক নিয়ে পার্বতীপুর উপজেলার একটি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী হযরত আলী বেলাল।
নির্বাচনী প্রচারের শুরুর দিন থেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুই উপজেলার গ্রাম থেকে পাড়া-মহল্লা পর্যায়ে গণসংযোগ, উঠান বৈঠকসহ নির্বাচনী জনসভা করেছেন। প্রচারের শুরুতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঠে দেখা না গেলেও শেষ মুহূর্তে তারাও ছিলেন দারুণ সরব।
জাতীয় পার্টির প্রার্থী নূরুল ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগ, উঠান বৈঠকসহ নির্বাচনী জনসভা করেছেন। সমানতালে প্রচারণায় ছিলেন ঈগল ও ট্রাক প্রতীকের দুই স্বতন্ত্র প্রার্থীও। তবে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী শওকত আলীকে প্রচারকার্যে তেমন দেখা যায়নি।
জাতীয় পার্টির ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘নির্বাচনে নৌকার সঙ্গে লাঙ্গলের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। ফাঁকা মাঠে নৌকার প্রার্থী জিতে যাবেনÑ এমনটি ভাবার কোনো কারণ নেই। এই আসনে লাঙ্গলের অবস্থান ভালো। আশা করছি, আমাদের প্রার্থীই বিজয়ী হবেন।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল বলেন, ‘আমরা কোনো প্রার্থীকেই দুর্বল ভাবছি না। তবে অষ্টমবারের মতো নৌকার প্রার্থী মোস্তাফিজুরকে বিপুল ভোটে জয়ী করতে আমরা সাধ্যমতো প্রচার-প্রচারণার চেষ্টা করেছি।’
ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলায় সব প্রার্থীই প্রচারণা চালিয়েছেন, করেছেন জনসভা। আচরণবিধি ভঙ্গের কোনো ঘটনা ঘটেনি। সব প্রার্থীই নিজের কথা নিজের মতো করে তুলে ধরেছেন ভোটারদের কাছে। কেউ কোনো প্রকার বাধার সম্মুখীন হননি। ফলে ধারণা করা যাচ্ছে, আজ শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হবে।
দিনাজপুর-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ১৩৪ জন। এতে ফুলবাড়ী উপজেলায় ১ লাখ ৫০ হাজার ৪১ জন। যাদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৮১৬ জন এবং নারী ৭৫ হাজার ২২৪ জন রয়েছেন। মোট ভোটকেন্দ্র ৫২টি। একইভাবে পার্বতীপুরে ৩ লাখ ৯৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫০ হাজার ১১৩ জন এবং নারী ১ লাখ ৪৯ হাজার ৭৮১ জন রয়েছেন। এখানে মোট ভোটকেন্দ্র ৮৮টি।