নদভীর হুংকার
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ১৮:২৭ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ১৯:৩৫ পিএম
আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। প্রবা ফটো
নির্বাচনের পূর্বমুহূর্তে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের লোকজনকে শাসানোর অভিযোগ উঠেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে নদভীকে বলতে শোনা যায়, ‘এখন আমার কথা হলো যে আপনারা সাত্তার সাহেব, শিবলী নোমান, ইউনুস সাহেব আপনারা আমাকে দুইটার মধ্যে একটা কথা বলেন, কালকে থেকে আমরাও মাঠে নেমে যাব মারামারিতে। মাঠে নেমে যাব কি-না? আমাদের সাথে পারবে না, ২০ থেকে ৩০টা মার্ডার হয়ে যাবে। ...না আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন।’
তিনি বলেন, ‘আপনারা আসতেছেন সামরিক সচিব বলার পরে। সামরিক সচিবের টেলিফোন বুঝেন তো। আমাকে বিভাগীয় কমিশনার সাহেব, ডিসি সাহেব বলেছেন, ডিআইজি মিনা সাহেব বলেছেন, সামরিক সচিব কড়া অর্ডার দিয়েছেন। এখন আপনারা কী করবেন না করবেন? এই যে এখন তালিকা দিয়েছি, এই তালিকা পুরো গ্রেপ্তার না করলে কালকে...।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে আবু রেজা নদভীকে ফোন করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
ভিডিওর বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বলেন, ‘এ ধরনের ভিডিও আমার নজরে এখনও আসেনি।’