প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ২২:৪২ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ১৮:৫৪ পিএম
প্রতীকী ছবি
সিলেটের জকিগঞ্জে দুই ভাইকে মধ্যরাতে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারী কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তাদের বড় ভাই জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী জকিগঞ্জ থানায় একটি জিডি করেছেন। জিডি নং ১৭৭।
এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মানিকপুর ইউপির ফুলতলী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার তিনদিন পার হয়ে গেলেও এখনও তাদের উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবার।
জিডিতে খায়ের চৌধুরী উল্লেখ করেছেন, মঙ্গলবার রাত দুইটার দিকে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউপির ফুলতলী গ্রামের নিজ বাড়ি থেকে ব্যবসায়ী আলবাব হোসেন চৌধুরী ও পূবালী ব্যাংক কানাইঘাট সড়কের বাজার শাখার ক্যাশিয়ার এনায়েত চৌধুরীকে ঘুম থেকে উঠিয়ে তাদের মারপিট করে গাড়িতে তুলে নিয়ে যায় অজ্ঞাতনামা অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি। তারা দুই ভাই জকিগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সমর্থক।
জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী বলেন, ‘আমার ভাইদের বিরুদ্ধে কোনও মামলা নেই। গভীর রাতে এমন ঘটনায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করেছেন। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনও দুই ভাইকে ফেরত পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমার দুই ভাইয়ের কোনও খোঁজ না পেয়ে আমার পুরো পরিবার ও আত্মীয়স্বজন খুবই উদ্বিগ্ন। আমার অসুস্থ ৮৫ বছর বয়সী মা বারবার সজ্ঞা হারাচ্ছেন। যদি তারা কোথায় আছে জানতে পারতাম তাহলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।’
দুই ভাইকে সুস্থ অবস্থায় উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক মুহিত মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা তাদেরকে নিয়ে গেছেন সেটা এখনও নিশ্চিত হতে পারিনি।