বরিশাল-৫
প্রবা প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৭:৪৪ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ১৭:৪৭ পিএম
বরিশাল-৫ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের পক্ষে ভোট চাইলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারীরা। সাদিক আবদুল্লাহর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হওয়ায় প্রচারের শেষ মুহূর্তে ট্রাকে উঠলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিকের অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার রিপনের উঠান বৈঠকে উপস্থিত হয়ে তার পক্ষে ভোট চেয়েছেন তারা। এ সময় প্রকাশ্যেই আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীমের সমালোচনা করেন এসব নেতা।
বরিশাল বিএম স্কুলমাঠে বেলা ৩টায় এ উঠান বৈঠক হয়। এতে প্রধান অতিথি ছিলেন এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নবঞ্চিত প্রবীণ নেতা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। এছাড়া সাদিকপন্থিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নগরীর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নইমুল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা আরিফিন মোল্লা, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী নিগার সুলতানা হনুফা, মহানগর শ্রমিক লীগের সভাপতি পরিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব খান, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলামসহ মহানগর আওয়ামী লীগের ৩০ ওয়ার্ড ও সদর উপজেলার নেতৃবৃন্দ।
সভার মাহবুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। তাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগসহ নেতাকর্মীদের উপস্থিতিতে এ উদ্যান উদ্বেলিত। আগামী ৭ জানুয়ারি ট্রাক প্রতীকে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা চেয়েছেন।
সাদিক অনুসারী নেতাকর্মীদের পাশে পেয়ে সালাহউদ্দিন রিপন বলেন, এতদিন আমার প্রচারে বাধা দেওয়া হয়েছে। কর্মীদের ওপর হামলা করেছে। কিন্তু এখন থেকে বরিশালে এটা আর হবে না।
দলীয় প্রার্থীর বিপক্ষে সমর্থন দেওয়ার কারণ জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে দলীয় নেতাকর্মীদের নৌকার বিরুদ্ধে ভোট চাওয়ায় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম। তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে জনসভায় নৌকার পক্ষে ভোট চেয়েছেন। তার সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নৌকার বিপক্ষে যারা কাজ করছে, সেটা সংগঠনবিরোধী। এ সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান তিনি।
এদিকে শেষ সময়ে সাদিকপন্থিদের ট্রাকে ওঠায় পাল্টে গেছে ভোটের হিসাবও। এতদিন আলোচনায় না থাকা ট্রাক এখন মূল প্রতিদ্বন্দ্বীদের তালিকায় জায়গা করে নিয়েছেন বলে মন্তব্য করেন সাধারণ ভোটাররা। এখন নৌকা ও ট্রাকের মধ্যে দ্বিমুখী লড়াই হবে বলে মত দেন তারা।