ফেনী-১
আব্দুল্লাহ আল মামুন, ফেনী
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১২:৩৫ পিএম
ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ছবি : সংগৃহীত
স্বাধীনতা-পরবর্তী ১১টি জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে মাত্র একবারই জয়ের স্বাদ পেয়েছিল আওয়ামী লীগ। এ ছাড়া দুইবার নৌকা প্রতীক জয়ী হলেও তারা ছিলেন মহাজোট প্রার্থী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন হিসেবে খ্যাত এই তিন উপজেলা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত।
তবে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়া, মহাজোটকে না দিয়ে আওয়ামী লীগের প্রার্থী থাকায় বদলে গেছে রাজনৈতিক দৃশ্যপট। গত ৫০ বছরের খরা দূর করে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
আসনটিতে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল বিএনপির মো. শাহজাহান শাজু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী কাজী মো. নুরুল আলম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার, জাকের পার্টির রহিম উল্লাহ ভূইয়া ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল হাসেম চৌধুরী। মোট ছয়জন প্রতিদ্বন্দ্বী থাকলেও নাসিম ছাড়া বাকি সবাই ভোটারদের কাছে অপরিচিত। ফলে হেভিওয়েট এই প্রার্থীর বিজয় অনেকটা নিশ্চিত।
স্থানীয় ভোটার হাসিবুর রহমান বলেন, নাসিম ছাড়া অন্যদের চেনা তো দূরের কথা, এখনও নির্বাচনী মাঠেও খুব একটা দেখিনি। এখানে দলমত নির্বিশেষে নাসিম চৌধুরীকেই সবাই সমর্থন দিচ্ছে।
দলীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে আসনটিতে দলীয় প্রার্থী না থাকায় তৃণমূলের অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরা হতাশ হয়ে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এবারের নির্বাচনে নাসিমকে দলীয় প্রার্থী করা শেখ হাসিনার দূরদর্শিতার প্রমাণ। তাই নির্বাচনে শেখ হাসিনার আস্থা আলাউদ্দিন নাসিমকে বিজয়ী করতে প্রতিজ্ঞ নেতাকর্মীরা।
পরশুরাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন মজুমদার বলেন, নাসিম চৌধুরী জনপ্রতিনিধি না হয়েও এ এলাকায় এতদিন অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। তার বিকল্প সাধারণ জনগণ কখনই ভাববে না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, ফেনী-১ আসনে শেখ হাসিনা একজন যোগ্য প্রার্থী দিয়েছেন। নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার থাকাকালীন থেকে অদ্যাবধি ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলের সকল উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালন করে আসছেন।
নির্ভার হলেও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন নৌকার প্রার্থী নাসিম। নৌকায় ভোট চেয়ে ৫০টির বেশি পথসভা, ৪০টির বেশি উঠান বৈঠক করেছেন তিনি। গ্রাম থেকে গ্রামে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের কথা প্রচার করছেন। এজন্য স্থানীয় নেতাকর্মীরা বলছেন, নৌকার প্রার্থী শুধু এবারের নির্বাচন নয়, পরবর্তী নির্বাচনের জন্যও মাঠে নেমেছেন। ‘খালেদা জিয়ার আসন’- এমন প্রবাদ বদলে দিতে চান তিনি। বিভিন্ন সময়ে তার বক্তব্যেও যা উঠে এসেছে।
গণসংযোগকালে একাধিক পথসভায় নাসিম বলেন, আসনটি বিএনপির দুর্গ আমি সেটা বিশ্বাস করি না। এখানে ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির ভোট ৩৫ শতাংশ হারে সমান সমান ছিল। ২৫ থেকে ৩০ শতাংশ ভোটার বিভিন্ন সময় তাদের অবস্থান পরিবর্তন করার কারণে সরকার পরিবর্তন হয়। এ নির্বাচন একটি বিশেষ প্রেক্ষিতে অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচন আমাদের দেশ ও জাতি এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের মাঝে সকল মান-অভিমান ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে এক হয়ে কাজ করতে হবে। যারা মান অভিমান ভুলবে না তারা প্রকৃত আওয়ামী লীগ নয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফেনী-১ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৩১৫ জন। এদের মাঝে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৯৪০ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৭৪ জন। অপরদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন।