চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১২:২১ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ১৩:৫৮ পিএম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। প্রবা ফটো
চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় কার্গোর সঙ্গে ধাক্কা লেগে বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চের তলা ফেটে চরে আটকা পড়েছে। এতে এক নারী যাত্রী নিখোঁজ রয়েছে। আহত হয়েছে আরও এক যাত্রী। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লঞ্চটিতে ৫ শতাধিক যাত্রী ছিল। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। একজন নিখোঁজ হলেও যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তবে ধাক্কা দেওয়া কর্গো জাহাজটি পালিয়েছে।
ঘটনার পর যাত্রীদের উদ্ধারে চাঁদপুর সদর ও মোহনপুর নৌপুলিশ ঘটনাস্থলে যায় জানিয়ে কামরুজ্জামান বলেন, ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়েছে।
সকালে ঘটনাস্থলে যাওয়া চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, দুর্ঘটনায় একজন যাত্রী নিখোঁজ রয়েছে। অন্য এক যাত্রী আহত হয়েছে। তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনাকবলিত সুন্দরবন-১৬ লঞ্চের সুপার ভাইজার সিরাজুল ইসলাম জানান, লঞ্চটি তারা নিরাপদে মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় ভিড়িয়েছেন। লঞ্চে ৫ শতাধিক যাত্রী ছিল। এর মধ্যে রাত ৪টার দিকে ডেক এবং প্রথম শ্রেণির ২৫০ জন যাত্রী উদ্ধার করে বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সকালে তারা বরিশাল লঞ্চঘাটে পৌঁছান। পরে বাকি যাত্রীদেরও উদ্ধার করে বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান বলেন, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য তত্ত্বাবধায়ন করা হচ্ছে। তাৎক্ষণিক নিখোঁজ এবং আহত যাত্রীর পরিচয় জানা যায়নি।