গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ২৩:২৪ পিএম
গোপালগঞ্জ পৌরসভা পার্কে জনসভায় বক্তব্য দেন শেখ ফজলুল করিম সেলিম। প্রবা ফটো
গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, বিএনপি বিভিন্নভাবে ষড়যন্ত্র করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গোপালগঞ্জ পৌরসভা পার্কে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, ‘এই নির্বাচন বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করার নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার নির্বাচন। তারেক রহমান লন্ডনে বসে অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছে। লন্ডন থেকে এসে নির্বাচনে দাঁড়াক। নির্বাচনে আসলে তাদের জামানত থাকবে না।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বারবার আমাদের আঘাত করেছে। আওয়ামী লীগের শক্তি জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সব সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। এ বারের নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির টিকে থাকার নির্বাচন। পাকিস্তানের এজেন্ট বিএনপি-জামায়াত, স্বাধীনতাবিরোধী, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে ট্রেনে আগুন দিয়ে মা-শিশু হত্যা ও যানবহনে অগ্নিসংযোগকারীদের বিচার করা হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।’
শেখ সেলিম আরও বলেন, ‘গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য এবারের নির্বাচন অত্যন্ত গূরুত্বপূর্ণ। সে কারনে এ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। আগামী ৭ জানুয়ারি ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে সব পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’
পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি. এম সাহাব উদ্দিন আজম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাইম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মো: রুহুল আমিন, সহসভাপতি হাসমত আলী সিকদার চুন্নু, রঞ্জিত কুমার বাড়ৈ (গামা), শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সী মো: আতিয়ার রহমান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু প্রমুখ।