× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরীয়তপুর-১

স্বামী লাঙ্গলের প্রার্থী, স্ত্রী ভোট চাইলেন নৌকায়

এমবি কাজী নাছির, শরীয়তপুর

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৪:১৩ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১৪:১৬ পিএম

মাসুদুর রহমান ও সুফিয়া রহমান।

মাসুদুর রহমান ও সুফিয়া রহমান।

জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে জাতীয় পার্টির (জাপ) প্রার্থী মাসুদুর রহমান লড়ছেন লাঙ্গল প্রতীকে কিন্তু তার স্ত্রী সুফিয়া রহমান আওয়ামী লীগের প্রার্থী ও নেতাদের সঙ্গে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছেন নৌকায়। স্বামী-স্ত্রীর এমন বিপরীতমুখী অবস্থান নিয়ে এলাকায় ভোটারদের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। 

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়াও এখানে তৃণমূল বিএনপির প্রার্থী আবুল বাশার মাদবর, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুস সামাদ এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা রয়েছেন।

শরীয়তপুর নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার ২৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে শরীয়তপুর-১ আসন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৩৪৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯০ হাজার ৪২৮, নারী ১ লাখ ৭২ হাজার ৯১০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন। 

জাপার নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ দলটির জেলা শাখার সভাপতি। তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর সভাপতির পদ থেকে পদত্যাগ করে কেন্দ্রীয় কমিটিকে চিঠি দেন। কিন্তু কেন্দ্রীয় কমিটি সেটি গ্রহণ না করায় দলীয়ভাবে তাকে বাদ দেওয়া হয়নি। ফলে তিনি সেই পদেই থেকে যান। তখন তার স্ত্রী সুফিয়া রহমান মহিলা আওয়ামী লীগে যোগ দেন। এরপর সুফিয়া রহমানকে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির পদ দেওয়া হয়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাসুদুর রহমান মাসুদ জাপার মনোনয়ন পেয়ে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। তার স্ত্রী সুফিয়া রহমান মহিলা আওয়ামী লীগেই থেকে যান। সুফিয়া রহমান সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের গ্রামে-গ্রামে নৌকা প্রতীকের প্রচারে অংশ নিচ্ছেন। গ্রামের নারীদের সঙ্গে উঠান বৈঠক করে ভোট চাচ্ছেন, আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরছেন। নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দিচ্ছেন।

সুফিয়া রহমান বলেন, ‘পাঁচ বছর ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। কিন্তু আমার স্বামী জাতীয় পার্টি করেন। তিনি এ নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী। তার মতো তিনি রাজনীতি করছেন, নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ভোট চাইছেন। আবার আমি আমার দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে প্রচারণা চালাচ্ছি। ঘরে আমরা একে অপরের কথা শুনে চললেও রাজনীতির মাঠে দুজন আলাদা পথে হাঁটছি। এতে কেউ কাউকে বাধা দিচ্ছি না, প্রভাবিত করারও চেষ্টা করছি না।’

মাসুদুর রহমান মাসুদ বলেন, ‘সুফিয়া আর আমি সুখী দম্পতি। সংসদ নির্বাচনে নিজে প্রার্থী হলেও তাকে আমার পক্ষে কাজ করার জন্য বলিনি। রাজনীতিতে আদর্শের ভিন্নতা থাকলেও পারিবারিক জীবনে কোনো সমস্যা নেই আমাদের।’

মহিলা আওয়ামী লীগের শরীয়তপুর জেলা সভাপতি সামিনা ইয়াছমিন বলেন, ‘স্বামী-স্ত্রী দুই প্রতীকের নির্বাচন করছেন, এতে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখছি না। তবে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনা আছে।’

পৌরসভার পালং এলাকার ভোটার মজিবুর, আতাউরসহ কয়েকজন বলেন, ‘শরীয়তপুর আওয়ামী লীগের ঘাঁটি। এখানে দলটির নেতাকর্মীর কোনো অভাব নেই। তারপরও জাতীয় পার্টির প্রার্থীর স্ত্রীকে কেন নৌকা প্রতীকের ভোট চাইতে নিতে হবে। তবে স্বামী নির্বাচন করছেন লাঙ্গলে স্ত্রী নৌকার প্রচারণায় বিষয়টি খুব কৌতূহলের।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা