× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুর-২

চ্যালেঞ্জে নৌকার প্রার্থী

আলমগীর হোসেন, জামালপুর

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৩:৪২ পিএম

 বাঁ থেকে ফরিদুল হক খান, এসএম শাহীনুজ্জামান শাহীন ও মোস্তফা আল মাহমুদ। প্রবা ফটো

বাঁ থেকে ফরিদুল হক খান, এসএম শাহীনুজ্জামান শাহীন ও মোস্তফা আল মাহমুদ। প্রবা ফটো

জামালপুর-২ (ইসলামপুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বর্তমান সংসদ সদস্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। টানা তিনবারের এই এমপি এবার চতুর্থবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে এবার নিজ দলের তিনজন স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী থাকায় চ্যালেঞ্জের মুখে পড়েছেন নৌকার প্রার্থী ফরিদুল হক খান দুলাল। 

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত আসনটি স্বাধীনতার পর থেকে দুইবার ছাড়া বাকি সময় আওয়ামী লীগের দখলে ছিল। ফরিদুল হক ২০০৮ সালে প্রথমবার এ আসন থেকে এমপি নির্বাচিত হন। এরপর পর্যায়ক্রমে ২০১৪ ও ২০১৮ সালেও তিনি এ আসন থেকে আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হন। 

আসনটিতে এবারের সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ছাড়াও অংশগ্রহণ করেছেন আরও পাঁচজন। তারা হলেন- লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, কাঁচি প্রতীকে জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীন, ঈগল প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া, ট্রাক প্রতীকে রাজধানীর বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী মন্ডল এবং সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির হোসেন রেজা বাবু। 

তবে এরই মধ্যে গত সোমবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় ঈগল প্রতীকের প্রার্থী জিয়াউল হক জিয়া কাঁচি প্রতীকের প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এর ফলে শাহীনুজ্জামানের পাল্লা আরও ভারী হয়। চাপ বাড়ে নৌকার। এ ছাড়াও ওই দিনের সভায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের সেখ, উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ মঞ্জুরল মোর্শেদ হ্যাপীসহ অনেক আওয়ামী লীগ নেতা। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের শাহজাহান আলী মন্ডলও রয়েছেন লড়াইয়ের তালিকায়। 

এদিকে দলীয় আওয়ামী লীগ থেকে চার প্রার্থী থাকায় সুযোগ কাজে লাগাতে চায় জাতীয় পার্টি। জেলার ৫টি আসনের মধ্যে কেবলমাত্র ইসলামপুরেই বেশ শক্ত অবস্থানে রয়েছে দলটি। এ ছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থী প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদের নিজস্ব ভোটব্যাংকও শক্তিশালী অবস্থান তৈরি করেছে। 

চরগোয়ালিনী ইউনিয়নের হাবিবুর রহমান বলেন, বর্তমান সংসদ সদস্যের ওপর থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। সাধারণ মানুষ এখন আর তাকে চান না। ভোটাররা এখন পরিবর্তন চান। 

কামরুজ্জামান কিরন নামের একজন বলেন, আমরা একজন সংসদ সদস্য চাই যে কিতা আমাদের সাধারণ মানুষের সমস্যাগুলো বুঝবে। আমাদের নিয়ে কাজ করবে, বেকার সমস্যার সামাধান করবে, সেই রকম একজনকে আমরা এই আসনের সংসদ সদস্য হিসেব দেখতে চাই।

জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন- ইসলামপুরের সাধারণ মানুষ নতুন নেতৃত্ব চায়। যোগ্য নেতৃত্ব চায়। শিক্ষিত, কর্মী বান্ধব নেতা চায়। নদী ভাঙন প্রতিরোধ করার জন্য দুলাল এমপি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বিশেষ করে নতুন প্রজন্মকে সেবা দেওয়ার যোগ্যতা তার নেই। সেই জন্যে ইসলামপুরবাসী আমাকে বিজয়ী করার জন্য উদগ্রীব হয়ে আছে।’

কাঁচি প্রতীকের প্রার্থী এস এম শাহীনুজ্জামন শাহীন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দীর্ঘদিন থেকেই আমি নদী ভাঙ্গা, বন্যা বিধ্বস্ত এই অবহেলিত উপজেলার জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি। আমার পক্ষে সাধারণ ভোটারদের ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে, ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি, এক কথায় ভোটারদের গণজাগরণ তৈরি হয়েছে। ভোটাররা যদি তাদের পছন্দমতো ভোট দেওয়া পরিবেশ পায় তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হব বলে জানান তিনি। 

ঈগল প্রতীকের প্রার্থী জিয়াউল হক জিয়া জানান, তার ও শাহীনের উদ্দেশ্য একটাই। তারা মূলত নির্বাচনে অংশ নিয়েছেন নৌকার মাঝি পরিবর্তনের জন্য। তাদের সেই উদ্দেশ্য সফল করতে ও জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে তিনি শাহীনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

তবে স্বতন্ত্র প্রার্থী নিয়ে শঙ্কিত নন জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা কিন্তু আওয়ামী লীগেরই লোক। জনগণ বেছে নিবে এই জায়গাই। আমার নির্বাচনী এলাকার জনগণ সর্বাত্মকভাবে নৌকাকে সমর্থন করে জয়ী করবে। যাতে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা