সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ২৩:০৮ পিএম
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবার শরিফের বার্ষিক ওরস শেষ হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ওরস সমাপ্ত হয়।
এর আগে শাহসুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ নকশবন্দি মোজাদ্দেদী (রহ.) গত মঙ্গলবার বাদ জোহর পীরের রওজা শরিফ জিয়ারত করে ওরসের আনুষ্ঠানিকতা শুরু করেন। দিন ও রাতভর কুরআন তেলাওয়াত ও তর্জমা, পীরের অছিয়ত-নছিয়ত, জিকির-আসকার, মিলাদ মাহফিল ও দফায় দফায় মোনাজাত করা হয়।
দরবার শরিফের অফিসপ্রধান মাহাবুবুর রহমান জানান, প্রতি বছরের মতো এবারও দেশ-বিদেশের লাখো ভক্তের ঢল নেমেছে। বাদ ফজর শাহ চন্দ্রপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহ.) পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস সম্পন্ন হয়।