অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ২০:৩০ পিএম
যশোর-৪ আসনের বর্তমান এমপি রনজিত কুমার রায়।
যশোর-৪ আসনের (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) নৌকার প্রার্থী এনামুল হক বাবুলকে সমর্থন দিয়ে অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার দিয়েছেন এ আসনের বর্তমান এমপি রনজিত কুমার রায়। এবার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি।
এর আগে ঋণখেলাপির দায়ে নৌকার প্রার্থী বাবুলের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনের অভিযোগ করেছিলেন এমপি রনজিত ও আরেক স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল। এ অভিযোগের ভিত্তিতে কমিশন প্রথমে বাবুলের প্রার্থীতা বাতিল করেন। এ নিয়ে হাইকোর্টে রিট করেও প্রার্থীতা ফিরে পাননি বাবুল। পরে আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত তার প্রার্থীতা ফিরিয়ে দেন। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন আবেদন করলেও গত মঙ্গলবার শুনানি শেষে চেম্বার আদালতের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ফলে আওয়ামী লীগের প্রার্থী বাবুলের নির্বাচনে আর বাধা নেই।
মূলত আইনী লড়াইয়ে হেরে গিয়ে গত মঙ্গলবারই নৌকার বাবুলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রনজিত।
এ বিষয়ে জানতে চাইলে তিনবারের এই এমপি সাংবাদিকদের বলেন, ‘আমি নির্বাচনে দাড়ালাম কবে? আমার নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাই। আমি বরাবরই বলে এসেছি নৌকার বিপক্ষে কখনও নির্বাচন করবো না। সে কারণে প্রতীক বরাদ্দের পরও আমি কোনও প্রকার প্রচারণা চালাইনি।’
এ ব্যাপারে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেন, ‘আমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। নির্বাচনের কাজে ব্যস্ত আছি।’