জামালপুর-২
জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ২০:২৪ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ২৩:৪০ পিএম
রিটার্নিং অফিসারের কার্যালয়, জামালপুর। প্রবা ফটো
জামালপুর-২ (ইসলামপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দায়িত্ব থেকে বাদ পড়েছেন আওয়ামী লীগের পদধারী প্রায় অর্ধশত প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তালিকা যাচাই-বাছাই করে তাদের বাদ দেওয়া হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নির্দেশে নির্বাচনী কর্মকর্তাদের প্রস্তাবিত তালিকা যাচাই-বাছাই করে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাদ দিয়ে ৯২টি কেন্দ্রের জন্য ১ হাজার ৭৮৪ জন কর্মকর্তাকে ভোটগ্রহণের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনের তালিকাভুক্ত ও প্রস্তাবিত বেশিরভাগ প্রিসাইডিং কর্মকর্তা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। অনেকেই দলটির সক্রিয় ও প্রকাশ্য কর্মী। তারা স্থানীয় ধর্ম প্রতিমন্ত্রী ও নৌকার প্রার্থী ফরিদুল হক খান দুলালের পছন্দের লোক। তাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে প্রস্তাবিত তালিকা থেকে বিতর্কিত প্রিসাইডিং কর্মকর্তাদের পরিবর্তন চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী (কাঁচি প্রতীক) এসএম শাহীনুজ্জামান শাহীন।
অভিযোগ সূত্রে জানা গেছে, এ আসনের কেন্দ্রে ভোটগ্রহণের জন্য যেসব কর্মকর্তাকে দায়িত্বের প্রস্তাব দিয়ে দুদিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদের বেশিরভাগই আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী। তারা নৌকার প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন দপ্তরপ্রধানের কাছ থেকে কর্মকর্তাদের তালিকা নিয়ে নির্বাচনে ভোটগ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্তদের একটি প্যানেল তৈরি করা হয়। ওইসব কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার আগে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়। একজন স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে প্রস্তাবিত তালিকা যাচাই-বাছাই করে রাজনৈতিক দলসংশ্লিষ্ট কর্মকর্তাদের বাদ দেওয়া হয়েছে। পরে ওই প্যানেল থেকেই অতিরিক্ত কর্মকর্তাদের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।’
জামালপুর-২ আসনের ৯২টি ভোটকেন্দ্রের ১ হাজার ৭৮৪ জন কর্মকর্তাকে ভোটগ্রহণের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন ৯২ জন প্রিসাইডিং, ৫৬৪ জন সহকারী প্রিসাইডিং ও ১ হাজার ১২৮ জন পোলিং কর্মকর্তা।