× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালী-৩

‘নৌকায় ভোট দিলে ছেঁচি দিবেন’ ঘোষণা দেওয়া আ.লীগ সভাপতিকে অব্যাহতি

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ০০:২৩ এএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ০০:২৪ এএম

‘নৌকায় ভোট দিলে ছেঁচি দিবেন’ ঘোষণা দেওয়া বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহ। ভিডিও থেকে নেওয়া ছবি

‘নৌকায় ভোট দিলে ছেঁচি দিবেন’ ঘোষণা দেওয়া বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহ। ভিডিও থেকে নেওয়া ছবি

নৌকায় ভোট দিলে ভোটারদের ছেঁচি (পিষে) ফেলার ঘোষণা দেওয়া বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নৌকার বিপক্ষে অবস্থান নেওয়ায় আরও ১৫ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে বেগমগঞ্জ বিসিক শিল্প এলাকায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরণ।

অব্যাহতি পাওয়া অন্য নেতারা হলেন- বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল হক বেলাল, সামসুল হক সামসু, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন আজীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমাম হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক শরাফ উদ্দিন বাবু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. এ বি এম ইউসুফ আশিক, সদস্য ও চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সল, সদস্য আবুল বাশার স্বপন, শাহজাহান সাজু, হায়দার জাফর হাবিব, মেহেদি হাসান টিপু ও দাউদ উল্যা হিল মজিদ।

লিখিত বক্তব্যে মামুনুর রশীদ কিরন বলেন, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহ নৌকাতে যারা ভোট দিবেন তাদের ছেঁচি (পিষে) ফেলে দেওয়ার কথা বলেছেন। এছাড়াও এলাকা ছাড়ার কথা বলেছেন। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। আওয়ামী লীগের নেতাকর্মী  স্বতন্ত্র প্রার্থীর সমর্থন করে বলে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা হল যারা আওয়ামী লীগের পদধারী তারা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারে না। কেননা নৌকা মানে স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। যারা নৌকার বিপক্ষে আমরা তাদের বিপক্ষে। 

তিনি বলেন, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নৌকার বিপক্ষে অবস্থানকারী ১৬ নেতাকে অব্যহতি দিয়েছি। তাদের বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রে সুপারিশ করেছি। নৌকার ভোটারদের বিপক্ষে বক্তব্য দেওয়ার কারণে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দেব।

গতকাল সোমবার বিকালে কাদিরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের এক উঠান বৈঠকে নৌকায় ভোট দিলে ভোটারদের  পিষে ফেলার ঘোষণা দেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহ। তার এই ঘোষণার ৪৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

ওই ভিডিওতে জাফর উল্যাহকে বলতে শোনা যায়, ‘আজকে (বেগমগঞ্জ উপজেলার) কাদিরপুর ইউনিয়নের গণসংযোগের শেষ দিন। সমাপনী দিনে আপনাদের বলছি, কাদিরপুরের একটা লোক যদি ডান বাম করেন তাদের খেদাই (তাড়িয়ে) দিবেন। যেগুলো ওরে (নৌকায়) ভোট দিবে মনে করবেন, তাদের কাদিরপুর থাকার অধিকার নাই; তাড়িয়ে দিবেন এখান থেকে। আছে দুয়েকটা কালসাপ। এদের চিহ্নিত করে নির্বাচনের দিন ছেঁচি দিবেন।’

ওই বৈঠকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদ, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

অব্যহিতির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক বলেন, দলের কার্যক্রমে অনুপস্থিত, গঠনতন্ত্র পরিপন্থি ও অনৈতিক কার্যকলাপে যুক্ত থাকায় ১৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা কোন প্রার্থীর ভোট করছে তা আমাদের বিবেচ্য বিষয় নয়। 

অব্যাহতির প্রতিক্রিয়া জানতে ডা. এবিএম জাফর উল্যাহর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

তবে চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যহতিপ্রাপ্ত আক্তার হোসেন ফয়সল বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে উম্মুক্ত করে দিয়েছেন৷ দল থেকে স্বতন্ত্র প্রার্থী বা দলীয় কর্মীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কোনো নির্দেশনাও নেই। আমরা শেখ হাসিনার কর্মী। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন আমরা সে নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আমি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি। উপজেলা আওয়ামী লীগের কোনোভাবেই আমাকে অব্যহতি দিতে পারে না।

নোয়াখালী-৩ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মো. মামুনুর রশীদ কিরন (নৌকা), স্বতন্ত্র মিনহাজ আহমেদ (ট্রাক), বাংলাদেশ সাম্যবাদী দলের মহি উদ্দিন (চাকা), জাতীয় পার্টির ফজলে এলাহী সোহাগ (লাঙ্গল), জাসদের জয়নাল আবেদিন (মশাল), বাংলাদেশ সাংস্কৃতিক দলের মো. সুমন আল হোসাইন ভূঁইয়া (ছড়ি)।

এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৪৯টি। ভোটার ৪ লাখ ৭৩ হাজার ৭ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা